স্টাফ রিপোর্টার ।।
খুলনায় পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ৪১ নেতাকর্মীর নামে দু’টি মামলা দায়ের করেছে পুলিশ। সোমবার (২২ নভেম্বর) রাতে খুলনা থানার এসআই আলামিন ও এস আই আবু সাদেক বাদী হয়ে এ দু’টি মামলা দায়ের করেন। খুলনা থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা সূত্র জানায়, অনুমতি ছাড়া বিএনপি নেতারা সমাবেশের জন্য সকাল থেকে সংগঠনের কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। পুলিশ তাদের সেখান থেকে সরে যাওয়ার জন্য অনুরোধ করলে তারা না সরে পুলিশের ওপর আক্রমণ চালায়। পুলিশও নিজেদের আত্মরক্ষার জন্য তাদের ওপর লাঠিচার্জ এবং টিয়ারসেল ও রাবার বুলেট ছোড়ে। এ ঘটনায় পুলিশের ছয় জন সদস্য আহত হয়।
রাতে বিএনপির ৪২ সিনিয়র নেতাকর্মীর নামে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন, যার নং ৩৬ ও ৩৭। পুলিশ ঘটনাস্থল থেকে ৭ জনকে গ্রেপ্তার করে। তাদেরও এ মামলায় আটক দেখানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হবে।











































