বিনোদন ডেস্ক।।
ছোট পর্দার জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ দীর্ঘদিন ধরেই দর্শকের পছন্দের তালিকায় রয়েছে। মূল সংস্করণে সঞ্চালকের আসনে অমিতাভ বচ্চনকেই দেখতে অভ্যস্ত দর্শক। এরই মধ্যে অমিতাভকে নিয়ে অনুষ্ঠানের নতুন মৌসুমের প্রচার-ঝলকও প্রকাশ্যে এসেছে।
তবে বিষয়টি মূল সংস্করণকে ঘিরে নয়। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র মারাঠি সংস্করণে সঞ্চালিকা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মাধুরী। এর আগে এই সংস্করণের সঞ্চালকের আসনে দেখা গেছে স্বপ্নিল জোশী, সচিন খেড়েকর ও নাগরাজ মঁজুলকে। তবে মাধুরীর হাত ধরে এই প্রথম মারাঠি সংস্করণে কোনো নারী সঞ্চালককে দেখা যাবে।
নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন দায়িত্বের কথা জানিয়েছেন মাধুরী। তিনি জানিয়েছেন, এই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে জীবনের বিশেষ একটি অধ্যায়ে পা রাখছেন তিনি। জ্ঞান, স্বপ্ন ও সম্ভাবনার সঙ্গে যুক্ত এই শোয়ের অংশ হতে পেরে উচ্ছ্বসিত বলেও জানিয়েছেন অভিনেত্রী।
নতুন দায়িত্বে নতুন উদ্যম নিয়ে দর্শকের সামনে আসার অপেক্ষায় রয়েছেন তিনি। মাধুরীর নতুন এই ইনিংস নিয়ে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণার পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।
এর আগে একাধিক রিয়ালিটি শোর বিচারকের দায়িত্ব পালন করেছেন মাধুরী। তবে কুইজ শোর সঞ্চালক হিসেবে এবারই প্রথম দেখা যাবে তাকে। মারাঠি সংস্করণে মাধুরীই প্রথম নারী সঞ্চালক হলেও ‘কৌন বনেগা ক্রোড়পতি’র আঞ্চলিক সংস্করণে তিনিই প্রথম নারী নন। এর আগে তামিল সংস্করণে সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন অভিনেত্রী রাধিকা শরৎকুমার।
মাধুরীকে সর্বশেষ দেখা গেছে ‘মা বেহেন’ সিনেমায়। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর সিনেমাটি দর্শকের প্রশংসা কুড়িয়েছে।











































