স্পোর্টস ডেস্ক।।
যৌন নির্যাতনসহ একাধিক অভিযোগে গ্রেপ্তার বাংলা ও দিল্লি ক্যাপিটালসের তারকা ক্রিকেটার অভিষেক পোড়েল। মঙ্গলবার (১১ আগস্ট) এই মামলার শুনানিতে তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট।
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদনে বলা হয়, এর আগে একই সঙ্গে তাঁর ফোন, ল্যাপটপসহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছে। যদিও শুরু থেকেই তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার ব্যাটার।
ঘটনার সূত্রপাত চলতি বছরের জুন মাসে। অভিযোগকারী এক ডাক্তারি পড়ুয়া তাঁর মায়ের সঙ্গে হুগলির মগরা থানায় গিয়ে অভিষেক পোড়েলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগকারির দাবি, প্রায় সাড়ে তিন বছর ধরে অভিষেকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। তাঁদের মধ্যে বিয়ের কথাও পাকা হয়েছিল বলে দাবি করেন তিনি। কিন্তু প্রায় দেড় বছর আগে তাঁদের সম্পর্কে তিক্ততা তৈরি হয়।
অভিযোগকারির বক্তব্য অনুযায়ী, সম্পর্কের অবনতি হওয়ার পরও বিষয়টি নিয়ে একবার থানায় যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল।
তবে সেই সময়ে তিনি আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেননি। পরবর্তী সময়ে ফের সমস্যার সূত্রপাত হলে এবার সরাসরি থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগে ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে।
অভিষেক অবশ্য শুরু থেকেই অভিযোগগুলি ভিত্তিহীন বলে দাবি করে আসছেন। তার বক্তব্য, তিনি ভালো খেলছেন বলেই তাঁর বিরুদ্ধে নানা ধরনের কথা সামনে আসছে।
অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। মামলার তদন্তের অগ্রগতি নিয়ে পরবর্তী সময়ে আদালতেরও হস্তক্ষেপ হয়।
এর আগে ১৯ জুলাই কলকাতা হাই কোর্ট তদন্তে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছিল বলে জানা গিয়েছে। তদন্তের স্বার্থে অভিষেকের ফোন, ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করার নির্দেশও দেওয়া হয়েছিল। মামলায় ডিজিটাল তথ্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
অভিযোগকারির কিছু ব্যক্তিগত ও আপত্তিকর ছবি বা ভিডিও অভিষেকের কাছে রয়েছে বলে অভিযোগ উঠেছে। সেগুলি যাতে কোনওভাবেই প্রকাশ্যে না আসে বা ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করতেও আদালতের নির্দেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।











































