Home আন্তর্জাতিক তীব্র দাবানলে পুড়ছে ইন্দোনেশিয়া, বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল

তীব্র দাবানলে পুড়ছে ইন্দোনেশিয়া, বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল

0

আন্তর্জাতিক ডেস্ক।।

এল নিনো আবহাওয়া ও তীব্র গরমের কারণে ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। দাবানলের ধোঁয়া ও খারাপ আবহাওয়ার কারণে দেশটির বহু স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বোর্নিও দ্বীপের পন্টিয়াক শহরের মেয়র জানিয়েছেন, চারপাশের দাবানলের ধোঁয়ায় পুরো শহর ঢেকে যাওয়ায় শিশুরা আপাতত বাড়ি থেকেই পড়াশোনা করবে। বাতাসের অবস্থা ভালো না হওয়া পর্যন্ত স্কুলগুলো বন্ধ রাখা হবে। বিশেষ করে সকাল ও রাতে ধোঁয়ার কারণে মানুষের চলাচল কঠিন হয়ে পড়েছে।

অন্যদিকে জাভা দ্বীপের বিখ্যাত ব্রোমো টেঙ্গার সেমেরু ন্যাশনাল পার্কে গত নয় দিন ধরে আগুন জ্বলছে। পার্কটির প্রায় ৯০০ হেক্টর বা ১ হাজার ২০০ ফুটবল মাঠের সমান এলাকা ইতোমধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার থেকেই পর্যটকদের জন্য পার্কটি বন্ধ রাখা হয়েছে। আগুন নেভাতে শত শত দমকলকর্মী, পুলিশ ও সেনা সদস্যদের পাশাপাশি হেলিকপ্টার ও ফায়ার ট্রাক কাজ করে যাচ্ছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এ বছর এল নিনোর প্রভাবে ইন্দোনেশিয়ায় তীব্র খরা ও দাবানলের ঝুঁকি অনেক বেশি। চলতি বছর এখন পর্যন্ত দেশটির ১ লাখ ৭ হাজার হেক্টরের বেশি ভূমি পুড়ে গেছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণ।

পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে প্রায় ৪৮ হাজার কর্মী নিয়োজিত রয়েছে এবং কৃত্রিম বৃষ্টি ঝরানোর জন্য বিমান ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করে বলা হয়েছে যে দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে।