Home Uncategorized খুলনায় ছাত্রদল নেতার ভাইয়ের অফিসে দুর্বৃত্তদের ককটেল হামলা ও গুলিবর্ষন

খুলনায় ছাত্রদল নেতার ভাইয়ের অফিসে দুর্বৃত্তদের ককটেল হামলা ও গুলিবর্ষন

9


স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. তাজিম বিশ্বাসের ছোটভাই অন্তিম বিশ্বাসের ব্যক্তিগত কার্যালয় লক্ষ্য করে ককটেল হামলা ও গুলিবর্ষন করেছে একদল দুর্বৃত্ত।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) রাত পৌনে ১১টার দিকে নগরীর নুরনগরস্থ বিশ্বাসপাড়া মোড়ে এই দুর্ধর্ষ হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো জানমালের ক্ষয়ক্ষতি বা কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত পৌনে ১১টার দিকে বেশ কয়েকটি মোটরসাইকেলে চড়ে একদল অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত হঠাৎ নুরনগরস্থ বিশ্বাসপাড়া মোড়ে এসে জড়ো হয়। তারা কিছু বুঝে ওঠার আগেই সেখানে অবস্থিত অন্তিম বিশ্বাসের অফিসের সামনে অতর্কিত ককটেল বিস্ফোরণ ঘটায় এবং কয়েক রাউন্ড গুলিবর্ষন করে। ককটেলের বিকট শব্দ ও গুলির আওয়াজে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। হামলা শেষে দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেলযোগে ঘটনাস্থল ত্যাগ করে।


খবর পেয়ে স্থানীয় থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এ বিষয়ে পুলিশ জানায়, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে অভিযান শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।