Home খেলাধুলা খেলাধুলা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে: তুহিন

খেলাধুলা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে: তুহিন

2

সরকারি কমার্স কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

খবর বিজ্ঞপ্তি।।


উৎসবমুখর ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে খুলনার ঐতিহ্যবাহী আযম খান সরকারি কমার্স কলেজের উদ্যোগে ‘আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) কলেজ মাঠে আয়োজিত এক দৃষ্টিনন্দন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ও কিক মেরে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মো. শফিকুল আলম তুহিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম।


প্রধান অতিথির বক্তব্যে বিসিবি পরিচালক মো. শফিকুল আলম তুহিন বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। ক্রীড়াঙ্গনই পারে তরুণ সমাজকে সব ধরনের মাদক, অপরাধমূলক কর্মকাণ্ড ও মানসিক অবক্ষয় থেকে দূরে রাখতে। ঐতিহ্যবাহী আযম খান সরকারি কমার্স কলেজ কেবল পড়ালেখাতেই নয়, খুলনা তথা দেশের ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনেও গৌরবময় ঐতিহ্য বহন করে আসছে। তিনি আরও বলেন, খুলনার ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনকে পুনরায় চাঙ্গা করতে তৃণমূল ও কলেজ পর্যায়ে এমন টুর্নামেন্টের কোনো বিকল্প নেই। বিসিবির পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে খুলনার খেলাধুলার সার্বিক উন্নয়নে আমাদের সমর্থন ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


অনুষ্ঠানের সভাপতি ও কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে খেলাধুলার পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে সহযোগিতার আশ্বাস দেন। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, ক্রীড়া কমিটির সদস্য ও শতাধিক উন্মুখ শিক্ষার্থী-দর্শক উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।