সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি মালপত্র জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই বাংলাদেশি আসামিকেও আটক করা হয়েছে।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) সূত্রে জানা যায়, ১০ ও ১১ আগস্ট বিজিবির অধীনস্থ ভোমরা, বৈকারী, গাজীপুর, ঘোনা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও সুলতানপুর বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় টাপেন্টাডল ট্যাবলেট, মোবাইল ফোনের যন্ত্রাংশ, গলদা চিংড়ির রেণু, মোটরসাইকেলসহ বিভিন্ন চোরাচালানি মালপত্র জব্দ করা হয়।
বিজিবি জানায়, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানার লক্ষ্মীদাড়ি এলাকা থেকে ২ লাখ ১৫ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে। গাজীপুর বিওপির দল বেলতলা এলাকা থেকে ৮২ হাজার ৫০০ টাকা এবং বৈকারী বিওপির দল ছয়ঘরিয়া এলাকা থেকে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।
এ ছাড়া ঘোনা বিওপির দল খলিল নগর মোড় এলাকা থেকে ৪ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় গলদা চিংড়ির রেণু পোনা ও একটি মোটরসাইকেল জব্দ করে। কাকডাঙ্গা বিওপির দল কলারোয়া থানার ভাদিয়ালি এলাকা থেকে ১৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।
অন্যদিকে মাদরা বিওপির দল ভাদিয়ালি এলাকা থেকে ১৮ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য, হিজলদী বিওপির দল বড়ালি আমবাগান এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং সুলতানপুর বিওপির দল বর্মীতলা এলাকা থেকে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায় লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, পৃথক এসব অভিযানে সর্বমোট ২৪ লাখ ৮৫ হাজার ৯০০ টাকা মূল্যের মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
রাজস্ব ফাঁকি রোধ ও স্থানীয় শিল্পের বিকাশে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।










































