বিয়ে বাড়িতে হাজির ২ প্রবাসী ব্যক্তি, যারা কিনা করোনা ভাইরাসে আক্রান্ত। ওই বিয়ে বাড়িতে হাজির ছিল প্রায় কয়েক শ মানুষ। তাছাড়া ওই এলাকাতেই কিছুদিন আগে হয়ে গেছে উপ-নির্বাচন। এসবই প্রশাসনের লেখা একটি চিঠির বক্তব্য। ঘটনা ঘটেছে উত্তরের গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে। সাদুল্লাপুরের হবিবুল্লাপুরে আমেরিকা থেকে আসা দুই প্রবাসীর আত্মীয় করোনা ভাইরাস পজেটিভ হওয়ায় রোববার ওই উপজেলাকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। তারা বিষয়টি কার্যকর করতে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে চিঠি দিয়েছে, ওই চিঠির জেরে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। যদিও পরে একটি ফেসবুক পোস্টে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছে, এখনও ‘লকডাউন’ হয়নি, ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে জানানো হয়েছে।
লকডাউন হয়েছে কি হয়নি, তারচেয়ে বড় কথা হচ্ছে ঘটনাটি ঘটেছে। ২ জন করোনা রোগী বিয়ে বাড়িতে হাজির হয়েছে, সুস্থ মানুষের সঙ্গে মিশেছে। রোববার (২২ মার্চ) আইইডিসিআর ঘোষিত নতুন ৩ রোগীর মধ্যে ওই ২ জন। বিষয়টি খুবই উদ্বেগের। বিশ্বব্যাপী করোনার প্রকোপে দেশে আসা লাখ লাখ প্রবাসীরা কোনো ধরণের নিয়ম মানছে না করোনা বিষয়ে। হোম কোয়ারেন্টাইনসহ সেলফ আইসোলেশনের রাষ্ট্রীয় ও সামাজিক আহ্বান-নিয়ম বার বার বলা হলেও পদে পদে লঙ্ঘন করে চলেছেন তারা। জরিমানা করেও তাদের থামানো যাচ্ছে না। করোনা ভাইরাসের এখন পর্যন্ত কোনো প্রতিষেধক আবিস্কার হয়নি। জনবিচ্ছিন্নতা নীতি অবলম্বন ও হাত ধোয়ার মতো সাধারণ কিছু নিয়ম মেনে সাবধান হওয়া ছাড়া এখনও কোনো উপায় নেই। এই নিয়ম মেনে করোনার উৎপত্তিস্থল চীন বেশ উপকার পেয়েছে, তারা নাটকীয়ভাবে করোনা আক্রান্তের সংখ্যা কমিয়ে আনতে পেরেছে। আমাদেরও সেই পথে হাঁটা ছাড়া উপায় নেই, প্রয়োজনে কড়া আইন ও তার প্রয়োগ জরুরি।











































