Home আঞ্চলিক কাজে সফল হতে হলে আগে লক্ষ্য নির্ধারণ করতে হবে : উপাচার্য

কাজে সফল হতে হলে আগে লক্ষ্য নির্ধারণ করতে হবে : উপাচার্য

7


খবর বিজ্ঞপ্তি।।

আজ ২৮ অক্টোবর ২০২১ খ্রি. বৃহস্পতিবার বিকাল ৩টায় খুলনা বিশ্ববিদ্যালয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, কাজে সফল হতে গেলে যেকোনো কাজের আগে লক্ষ্য নির্ধারণ করতে হবে। তাহলে আমরা নিজেদের অর্জন সম্পর্কে জানতে পারবো। আর লক্ষ্য নির্ধারিত থাকলে তা অর্জনে কর্মদক্ষতা বৃদ্ধি পায়।
তিনি আরও বলেন, আমাদের উচ্চশিক্ষা ব্যবস্থায় শিক্ষার গুণগত মানোন্নয়নে নজর দিতে হবে। সেবামূলক মানসিকতা তৈরি করতে হবে। তাহলেই লক্ষ্য অর্জিত হবে। সময়ের সাথে নিজেদের মানিয়ে নিতে সিস্টেমের সাথে নিজেদের এডাপ্ট হতে হবে। না হলে আমরা পিছিয়ে পড়বো।
উপাচার্য বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম একটি দূরদর্শী উদ্যোগ। ইতোমধ্যে এর সুফল লক্ষণীয় হয়ে উঠেছে। প্রথমে এটি মন্ত্রণালয়ে সীমাবদ্ধ ছিলো। এখন এটি মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তরেও ছড়িয়ে পড়েছে। আগামীতে পৃথকভাবে দপ্তরগুলোর সাথেও এপিএ হবে। আগামীতে খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের জন্য শুদ্ধাচার পুরস্কার চালুর ব্যাপারে প্রয়োজনীয় নীতিমালা প্রস্তুতের তাগিদ দেন তিনি। একই সাথে এ লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয় বার্ষিক কর্মসম্পাদন চুক্তি কমিটির সভাপতি ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদুস সভায় সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন এপিএ কমিটির ফোকালপার্সন কাউন্সিল শাখার উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক। সভায় এপিএর একটি বাজেট উপস্থাপন করা হয়।

ইউজিসির আয়োজনে খুবিতে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক কর্মশালা শনিবার


বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের আয়োজনে ‘৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয়’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা আগামী শনিবার (৩০ অক্টোবর ২০২১) খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। কর্মশালাটি আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন সংক্রান্ত কার্যক্রম বাস্তবায়ন জোরদারকরণের লক্ষ্যে ইউজিসি এ কর্মশালার আয়োজন করছে।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। কর্মশালায় সভাপতিত্ব করবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখবেন ইউজিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান। বিষয়ভিত্তিক আলোচনা করবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের প্রফেসর ড. কাজী মুহাইমিন উস সাকিব। উক্ত কর্মশালায় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ইউজিসি ও খুলনা অঞ্চলের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করবেন।
কর্মশালাটি দেশে প্রযুক্তি শিক্ষার বিস্তার এবং চতুর্থ শিল্প বিপ্লবের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোকে একটি ভালো অবস্থানে যেতে সহায়তা করবে বলে মনে করে ইউজিসি। এ ধরনের কর্মশালা পর্যায়ক্রমে দেশের অন্য আরও ৪টি বিভাগীয় শহরে আয়োজনের মাধ্যমে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় ইউজিসির এ সূত্রটি। খুলনা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কর্মশালাটি হচ্ছে প্রথম কর্মশালা।