সংবাদ সম্মেলনে পুনরায় নিরপেক্ষ নির্বাচনের দাবি স্বতন্ত্র প্রার্থীর
স্টাফ রিপোর্টার ।।
খুলনার পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নে নির্বাচন পরবর্তীকালে মারপিট, হুমকি-ধামকি ও সহিংসতার ভয়ে হিন্দু পরিবার এলাকা ছাড়ছে বলে অভিযোগ উঠেছে। ভোট গ্রহনের পূর্বে কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়ে ভোট ডাকাতির মধ্যদিয়ে ‘সূক্ষ্ম ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ এবং নির্বাচন পরবর্তীতে নিরীহ মানুষকে মারপিট ও হুমকি-ধামকির প্রতিবাদে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করে জনগনের ভোটাধিকার ফিরিয়ে দিতে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২০ সেপ্টেম্বর সোলাদানা ইউনিয়নে নির্বাচনের দিনে ভোট গ্রহনের শুরুতেই প্রিজাইডিং অফিসার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মুখেই আমার এজেন্টদের ব্যাপক মারপিট করে কেন্দ্র থেকে বের করে দেয়। প্রশাসনের সহায়তা চেয়েও পাইনি। অসহায় হয়ে নিরীহ এলাকাবাসীকে নিরাপত্তায় রাখতে ভোট কেন্দ্র থেকে নিরাপদ দুরত্বে থেকেছি। এ সুযোগেই প্রশাসনের উপস্থিতিতে নৌকা প্রতীকের প্রার্থী নিজে ও তার বাহিনী কর্তৃক সোলাদানা ইউনিয়নে নয়টির মধ্যে ৮টি কেন্দ্রেই ব্যাপক তান্ডব চালিয়ে ভোট ডাকাতির মধ্যদিয়ে নিজের মার্কায় ভোট লুটে নেয়। ভোট দিতে না পেরে বঞ্চিত হয়েছে সাধারণ ভোটাররা। এখানেই ক্ষ্যান্ত হয়নি সন্ত্রাসীরা, তার কর্মী-সমার্থক ও নিরীহ এলাকাবাসীর ওপর দফায় দফায় হামলা চালিয়ে মারপিট করছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হুমকি-ধামকিতে এলাকায় এখন ভীতুসন্ত্রস্ত জনপদে পরিণত হয়েছে। এ অবস্থায় সোলাদানাবাসীর নিরাপত্তার স্বার্থে ও জনগনের ভোটাধিকার ফিরিয়ে দিতে অবিলম্বে ভোট ডাকাতির এ প্রহসনের নির্বাচন বাতিল করে পুনরায় তফসিল ঘোষণা করে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, সোলাদানায় চিহিৃত একটি সন্ত্রাসী চক্রের জয় হয়েছে। যাতে এলাকার নিরীহ মানুষ ভীতুসন্ত্রস্ত্র। সন্ত্রাসীদের ভয়ে নির্বাচনের রাত থেকেই শত শত হিন্দু পরিবাব রাতের আঁধারেই এলাকা ছেড়ে, ছাড়ছেন এখনো। এক অদৃশ্য শক্তির নির্দেশ প্রশাসন ও ভোট গ্রহন কর্মকর্তারা কাজ করে আব্দুল মান্নান গাজীর নৌকা প্রতীকের পক্ষেই। প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করা হয়েছে এলাকার হিন্দু-মুসলিম সহজ-সরল মানুষদের, যারা কেন্দ্র থেকে বের হয়ে আমাকে ফোন করে হাউমাউ করে কেঁদেছে। আমি তাদের শান্তনা দিয়ে বলেছি, আমাকে ভোট দিতে পারো নাই বলে কেঁদো না- আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তোমাদের ভালাবাসার প্রতিদান দিয়ে যাবো ইনশাআল্লাহ্। টানা ১১ বছর সোলাদানার চেয়ারম্যান হিসেবে সেবা করার সুযোগ দানে এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এসএম এনামুল হক।











































