খুলনাঞ্চল রিপোর্ট ।।
দীর্ঘদিন বন্ধ থাকায় হারানো যৌবন ফিরে পেতে পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকত অপেক্ষার প্রহর গুনছে। প্রকৃতির সৌন্দর্যের অপরূপ লীলাভূমি চলতি বর্ষা মৌসুমে সেজেছে আপন মহিমায়। আগত ভ্রমণ পিপাসু দর্শনার্থীদের মন ভরে দিবে দর্শনীয় স্থানগুলো নয়নাভিরাম সৌন্দর্য।
ভ্রমণ পিপাসু পর্যটকদের বরণ করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে আগত পর্যটকদের সেবা প্রদান করবেন পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান। ইতোমধ্যে তাদের সকল প্রকার প্রস্তুতি শেষ হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে পর্যটকদের পদচারনায় আবার মুখরিত হবে সাগরকন্যা কুয়াকাটা।
করোনা সংক্রমণ পরিস্থিতিতে চলমান লকডাউনে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকায় সংকটে পড়েছিলেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। দেশের পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হবে এমন খবরে কুয়াকাটায় পর্যটন ব্যবসায়ীদের মাঝে সুবাতাস ফিরে এসেছে।
এদিকে কুয়াকাটায় শতাধিক হোটেল-মোটেলগুলোর কর্মকর্তা-কর্মচারী নিজেদের প্রস্তুত করে নিচ্ছেন পর্যটকদের বরন করে নিতে। অন্য সকল পর্যটন ব্যবসায়ীরা একই কাজ করছেন। প্রায় ৫ মাস পর্যটন কেন্দ্র কুয়াকাটা বন্ধ থাকায় কয়েক’শ কোটি টাকা লোকসান হয়েছে এমন দাবি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের।
এদিকে গত বৃহস্পতিবার মন্ত্রী পরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপ-সচিব মো.রেজাউল ইসলামের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে সূত্রে জানা গেছে, ১৯ শে আগস্ট থেকে পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিনিউটি সেন্টার ও বিনোদন কেন্দ্র আসন সংখ্যা শতকরা ৫০ ভাগ ব্যবহার করে চালু করতে পারবে। সকল ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।
এছাড়া স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারিকৃত স্বাস্থ্য বিধি যথাযথভাবে পালন করতে হবে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে অবহেলা করলে কর্তৃপক্ষ দায়িত্ব বহন করবে ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এ জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন কুয়াকাটার পর্যটন ব্যবসায়ীরা।
কুয়াকাটা ইলিশ পার্ক এন্ড ইকো রিসোর্টের স্বত্বাধিকারী রুমান ইমতিয়াজ তুষার বলেন, সরকার যে শর্ত দিয়ে পর্যটন কেন্দ্রগুলো যেভাবে খুলে দেয়ার ঘোষণা দিয়েছে, সেভাবেই আমরা পর্যটকদের বরণ করতে প্রস্তুতি নিচ্ছি। এতদিন অনেক কর্মচারীকে ছুটি দেয়া হয়েছিল তাদেরকে কাজে যোগ দেওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এ্যাসোসিয়েশন কুটুম‘র সভাপতি নাসির উদ্দিন বিপ্লব বলেন, মহামারি করোনার ভাইরাসে সব চেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন শিল্পের। এর সাথে দেশের ৪০ লক্ষ লোকের জীবন-জীবিকা জড়িয়ে রয়েছে। এ বিবেচনা করে সরকার ১৯ শে আগস্ট দেশের সকল পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার যে সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছি।
হোটেল-মোটেল ওনার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব শরীফ জানায়, দীর্ঘ পাঁচ মাস তারা অলস সময় কাটিয়েছেন। স্টাফদের বেতন দেয়াও ছিল দুরূহ ব্যাপার। করোনা ভাইরাস পরিস্থিতিতে সব কিছুই থমকে ছিলো। দীর্ঘ সময় বসে বসে খেয়ে অনেকেরই ঋণের বোঝা ভারি হয়েছে। তাই হোটেল-মোটেল ছেড়ে কেউ কেউ বিকল্প আয়ের সন্ধানেও ছুটেছেন। কেউ কেউ নিজ বাড়িতে গবাদি পশুসহ হাঁস মুরগীর খামার গড়ে তুলেছেন। তবে ১৯ আগস্ট দেশের পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ায় ঘোষণায় কুয়াকাটায় ট্যুরিজম ব্যবসায়ীদের মাঝে এখন খুশির বন্যা বইছে। আমরা সরকারী নির্দেশনা মেনে স্বাস্থ্যবিধি মেনেই হোটেল-মোটেল ব্যবসা পরিচালনা করবো।
কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক (দায়িত্বপ্রাপ্ত) মোঃ বদরুল কবির বলেন, পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার ব্যাপারে প্রজ্ঞাপন জারি হয়েছে। কুয়াকাটায় আগত পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানাতে টুরিস্ট পুলিশ কাজ করবে।
কুয়াকাটা পর্যটন কেন্দ্র খুলে দেয়ার ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ১৭ আগস্ট কুয়াকাটার পর্যটন সম্পৃক্ত ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলকে নিয়ে বৈঠক করেছি। সরকারী সিদ্ধান্তর আলোকে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে পর্যটন কেন্দ্র চলবে সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে। তা তদারকির জন্য কলাপাড়া উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারী থাকবে।











































