সাজিবুর রহমান মাগুরা ।।
কঠোর লকডাউনের মধ্য দিয়ে মাগুরার মহম্মদপুরের খেয়াঘাটগুলোতে স্বাভাবিক যাত্রী পারাপার হচ্ছে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে নির্ধারিত ভাড়ার চারগুণ টাকা দিয়ে নৌকায় পারাপার হচ্ছেন যাত্রীরা। খেয়াঘাটের অনিয়ম এখন নিয়মে পরিণত হয়েছে। অধিকাংশ যাত্রীর মুখে মাস্ক নেই, কেউ মানছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি নিয়েই প্রতিদিন নদী পারাপার হচ্ছে অসংখ্য মানুষ। পার্শ্ববর্তী ফরিদপুর জেলার বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার সঙ্গে সংযোগ ঘটিয়েছে এই খেয়াঘাট। উপজেলার পূর্বপাশ দিয়ে প্রবাহিত মধুমতী নদীর ১০টি পয়েন্টে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে খেয়া পারাপার স্বাভাবিক রেখেছেন ঘাটের মাঝিরা। অন্যদিকে লকডাউন অজুহাতে ৫ টাকার ভাড়া প্রথমে ১০ টাকা পরে তা বেড়ে ২০ টাকায় করা হয়েছে। মোটরসাইকেলসহ কেউ খেয়া পার হলে তাকে দিতে হয় ৬০ টাকা। শনিবার সকালে সরেজমিন দেখা যায়, উপজেলায় মধুমতী নদীতে কাশিপুর, পাল্লা, শিরগ্রাম ঘাট, দাতিয়াদহ মোল্যাবাড়ি ঘাট, হরিনাডাঙ্গা পূর্বপাড়া ঘাট, রায়পুর ঘাট, মাধবপুর ও চরপাঁচুড়িয়া খেয়াঘাটে প্রতিদিন হাজারো মানুষ খেয়া পার হয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় যাতায়াত করছেন। যেখানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। হরিনাডাঙ্গা পূর্বপাড়া ঘাটে দাঁড়িয়ে থাকা আসলাম শেখ জানান, কয়েক দিন ধরে প্রচ- জ্বর, তাই ডাক্তার দেখাতে ফরিদপুরে যেতে হচ্ছে। কিন্তু অনেকক্ষণ নদীর পাড়ে দাঁড়িয়ে থাকায় হাত-পা ব্যথা করছে। আরেক যাত্রী আরাফাত হোসেন জানান, গার্মেন্ট থেকে ফোন এসেছে, তাই ঢাকা যেতে হচ্ছে। শত দুর্ভোগ হলেও ঢাকায় পৌঁছতে হবে। হরিনাডাঙ্গা ঘাট ইজারাদার সিরাজুল ইসলাম বলেন, আমি চেয়ারম্যানকে ৪০ হাজার টাকা দিয়ে ঘাট ইজারা নিয়েছি। লকডাউনের কারণে জনপ্রতি ২০ টাকা করে নিচ্ছি। তেল খরচ ও ট্রলার মেরামতসহ বিভিন্ন খাতে টাকা খরচ হয়ে যায়। বাবুখালী ইউপি চেয়ারম্যান মীর মো. সাজ্জাদ আলী বলেন, মাত্র ৪০ হাজার টাকায় খেয়াঘাট ইজারা দেওয়া। যদি ইজারাদাররা জনপ্রতি ২০ টাকা ভাড়া নেন, তবে তারা অন্যায় করেছেন। স্বাস্থ্যবিধি উপেক্ষা করলে প্রয়োজনে খেয়া চলাচল বন্ধ করে দেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল বলেন, কঠোর লকডাউনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিনা কারণে কেউ ঘরের বাইরে বের হতে পারবে না। যারা বিনা কারণে ঘর থেকে বের হচ্ছেন তাদের জেল-জরিমানা করা হচ্ছে। লকডাউন চলার সময় রোগী ছাড়া যাত্রী পারাপার বন্ধ রাখার জন্য খেয়াঘাটের ইজারাদারদের কঠোর নির্দেশনা দেওয়া হবে।











































