Home জাতীয় উৎপাদন বাড়লেও আমের বাজার ধরতে পারছে না চাষিরা

উৎপাদন বাড়লেও আমের বাজার ধরতে পারছে না চাষিরা

10

বিশেষ প্রতিনিধি

প্রতিবছরই বাড়ছে আমের উৎপাদন। গত সাত বছরে তা প্রায় দ্বিগুণ হয়েছে। উৎপাদন বাড়লেও বাজার ধরতে পারছে না আমচাষি ও ব্যবসায়ীরা। করোনা মহামারির কারণে দেশে যেমন ক্রেতা কমে গেছে তেমনই বিদেশেও রফতানি করা যাচ্ছে না।  আমচাষি ও ব্যবসায়ীরা বলছেন, আমকে শিল্পজাত পণ্য হিসেবে ঘোষণা করে, তা সংরক্ষণ করার ব্যবস্থা করতে হবে। ঢাকা মহানগর ফল আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক করিম শেখ সময়ের আলোকে বলেন, অন্য বছরের চেয়ে এ বছর আমের উৎপাদন অনেক বেশি। কিন্তু করোনার কারণে মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেশি ব্যস্ত। তাই আমের বাজার পড়ে গেছে। করোনার কারণে আমরা আম বিদেশেও রফতানি করতে পারি নাই। গত বছর লন্ডনে ১০০ মেট্রিক টন এবং আগের বছর ১৫০ মেট্রিক টন আম আমরা লন্ডনে রফতানি করেছিলাম।

বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, চাঁপাইনবাবগঞ্জসহ সারা দেশের আমচাষিরা করোনায় বিপাকে পড়েছেন। সরকার যদি বাগান মালিক আর আম ব্যবসায়ীদের বিকল্প কোনো ব্যবস্থা না করতে পারে তাহলে লোকসানের কারণে আমচাষিদের দুঃখের শেষ থাকবে না। আম চাষে বিমুখ হবেন তারা। কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০১৯-২০ অর্থবছরে দেশে আমের উৎপাদন হয়েছে ২৪ লাখ ৬৮ হাজার ৫০ মেট্রিক টন। চলতি অর্থবছরে এর উৎপাদন আরও অনেক বেশি হবে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। অনেক বাগানে এখনও আম থাকায় এ হিসাব হালনাগাদ হয়নি। ২০১২-১৩ অর্থবছরে আমের উৎপাদন ছিল ১৫ লাখ ৪ হাজার ৮১৫ মেট্রিক টন। সাত বছরে উৎপাদন বেড়েছে ৯ লাখ ৬৪ হাজার ২৩৫ মেট্রিক টন। এ সময়ে আম চাষের জমির পরিমাণও বেড়েছে। ২০১২ সালে আম চাষ হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৩২২ হেক্টর জমিতে। ২০২০ সালে তা বেড়ে হয়েছে ১ লাখ ৮৯ হাজার ৮৫০ একর। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাজশাহী অঞ্চলে সবচেয়ে বেশি আম উৎপাদন হয়। গত অর্থবছরে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোরে উৎপাদন হয়েছে ৯ লাখ ৭০ হাজার ১৬৮ মেট্রিক টন। তারপর ঢাকা বিভাগ, যশোর, দিনাজপুর ও পার্বত্য অঞ্চলে সবচেয়ে বেশি আম উৎপাদিত হয়েছে। গত অর্থবছরে আম উৎপাদনে বিশ্বের সেরা ১০টি দেশের তালিকায় উঠে আসে বাংলাদেশের নাম। এই তালিকায় শীর্ষে ভারত। ক্রমপর্যায় অনুযায়ী ১০টি দেশ হলো- ভারত, ইন্দোনেশিয়া, চীন, মেক্সিকো, পাকিস্তান, মালবি, ব্রাজিল, থাইল্যান্ড, মিসর ও বাংলাদেশ। ১৯৮৫ সাল থেকে আমের উৎপাদন বৃদ্ধিতে করণীয়, পরিকল্পনা গ্রহণ ও বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হলেও আম শিল্পের বিকাশ অথবা দেশের আর্থসামাজিক উন্নয়নে আম শিল্প হিসেবে বা ‘শিল্পজাত পণ্য’ হিসেবে কী ভূমিকা রাখতে পারে তা বিবেচিত হয়নি। বেশি উৎপাদনের ফলে আমের ক্রেতা থাকে না, আমচাষি ও ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন। করোনার মধ্যে বাজারে ক্রেতা না থাকায় আম পানির দরে বিক্রি করতে দেখা গেছে। আম পচনশীল হওয়ার কারণে তা ধরে রাখাও সম্ভব হয় না। কিন্তু হিমাগারে আম রাখার প্রয়োজনীয় ব্যবস্থা করতে পারলে অথবা আম দিয়ে পাল্প তৈরি করে পরবর্তী সময়ে বিভিন্ন রকম পণ্য উৎপাদিত হলে আম ‘শিল্প’ হিসেবেই বিবেচিত হতো।

সম্প্রতি ভারত ও ভুটানের সরকারপ্রধানদের আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্টরা বলছেন, আশপাশের দেশে বাংলাদেশের আমকে জনপ্রিয় করতেই প্রধানমন্ত্রীর এ ‘আম ডিপ্লোম্যাসি’। আম সংরক্ষণের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার জন্য নোট দিয়েছে স্থানীয় প্রশাসন। খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, পাহাড়ে প্রচুর ফল উৎপাদন হচ্ছে। আমের পাশাপাশি মাল্টা, কমলা, পেঁপে, আদা, হলুদ ও কর্পাস প্রচুর উৎপাদন হয়। এখানে একটি ১০০ মেট্রিক টনের একটি কোল্ড স্টোরেজ নির্মাণ করার প্রস্তাবনা পাঠানো হয়েছে। পার্বত্য এলাকার তিন জেলায় এবার প্রচুর আম উৎপাদিত হয়েছে। পাহাড়ের চাষিরা ১০০ কোটিরও বেশি টাকার আম বিক্রি করেছেন এবার। খাগড়াছড়ি জেলার ফলদ বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক দিবাকর চাকমা বলেন, সরকারি হিসাবের চেয়ে আরও বেশি আম উৎপাদন হয়েছে এ অঞ্চলে। করোনার কারণে আমরা আম নিয়ে বিপাকে পড়েছি। এখনও বাগানে অনেক আম পড়ে আছে। দিন দিন নতুন বাগান হওয়ায় আমের উৎপাদন বেড়েছে বলে জানান তিনি। আর ফলদ ব্যবসায়ী সমিতির সভাপতি সুলতান মাস্টার বলেন, করোনার আগে আমের বাজার ভালো ছিল। এখন মাল বেচাকেনা কম। সবাই মাল নিয়ে ঝামেলায় পড়ে গেছে। কয়েক বছর ধরে বিদেশে আম রফতানি হয়ে আসলেও, করোনার কারণে তেমন একটা হয়নি। ঢাকা মহানগর ফল আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক করিম শেখ বলেন, এবার করোনার কারণে আমরা বিদেশে আম রফতানি করতে পারি নাই। গত বছর লন্ডনে ১০০ মেট্রিক টন এবং আগের বছর ১৫০ মেট্রিক টন আম আমরা লন্ডনে রফতানি করেছিলাম। ২০১৫ সাল থেকে আম বিদেশে রফতানির জন্য চেষ্টা শুরু করে কৃষি বিভাগ। ২০১৬ সাল থেকে সাতক্ষীরার আম প্রথম ইতালিতে রফতানি শুরু হয়। কৃষি বিভাগের তথ্যমতে, ২০১৬ সালে প্রথম ২৩ মেট্রিক টন আম বিদেশে রফতানি করা হয়। ওই বছরই কিছু আম রফতানি হয় ইংল্যান্ড ও জার্মানিতে। ২০১৭ সালে রফতানি হয় ৩২ মেট্রিক টন। ২০১৮ সালে ৩০ টন এবং ২০১৯ সালে দশমিক ৬৯ টন। ইতোমধ্যে গোবিন্দভোগ আম রফতানি শুরু হয়েছে জার্মানিতে।

বিদেশে আম রফতানির জন্য কাজ করছে দাতা সংস্থা সলিডারিডাডের অর্থায়নে বেসরকারি এনজিও প্রতিষ্ঠান উত্তরণ। প্রকল্পের প্রোগ্রাম কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বিদেশে আম রফতানির জন্য সাতক্ষীরা জেলার ৩৫০ আমচাষিকে বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে আম প্রস্তুত ও রফতানি করা হয়। এ ছাড়া যশোর জেলার শার্শা উপজেলার ১৫০ চাষি রয়েছে আমাদের প্রকল্পে। গত ৮ মে ২৩৯ কেজি আম জার্মানিতে রফতানির মধ্য দিয়ে বিদেশে আম রফতানি শুরু হয়েছে। আমরা ২০০ মেট্রিক টন ল্যাংড়া, হিমসাগর, আম্রপালি ও গোবিন্দভোগ আম রফতানির আশা করছি। বিদেশে বেশি রফতানি হয় হিমসাগর আমটি।