স্টাফ রিপোর্টার
নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা ও পৃষ্ঠপোষকতায় ইতোমধ্যে বাংলাদেশ নৌবাহিনী একটি ত্রিমাত্রিক ও যুগোপযোগী নৌবাহিনী হিসেবে সুপ্রতিষ্ঠিত। নৌবাহিনীর এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় তিনি উচ্চ মনোবল ও সাহস নিয়ে নবীন নাবিকদের একযোগে দেশের জন্য কাজ করার আহবান জানান।
সোমবার খুলনাস্থ নৌঘাঁটি বানৌজা তিতুমীর প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীর এ/২০২১ ব্যাচের ৪৮৬ জন নবীন নাবিকের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌপ্রধাণ এসব কথা বলেন।
এর আগে তিনি মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও আকর্ষণীয় মার্চপাস্টের সালাম গ্রহণ করেন। পরে তিনি কৃতি নবীন নাবিকদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
নৌপ্রধান তার বক্তব্যে নৌঘাঁটি তিতুমীরে নবীন নাবিক প্রশিক্ষণ বিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগিয়ে নিজেদেরকে যোগ্য নাবিক হিসেবে গড়ে তোলা এবং ভবিষ্যৎ কর্মজীবনে এই প্রশিক্ষণ কাজে লাগিয়ে জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির পথে সঠিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান।
কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতির কারণে কুচকাওয়াজ অনুষ্ঠানে খুলনা নৌ অঞ্চলের সীমিত সংখ্যক নৌ কর্মকর্তা এবং বিভিন্ন পদবীর নাবিক এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।










































