০ স্টাফ রিপোর্টার
খুলনা বিভাগে করোনা শনাক্ত এবং এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। ৩০ দিনের মধ্যে প্রথম ১৫ দিনের চেয়ে শেষ ১৫ দিনে শনাক্ত রোগী আড়াই গুণ ও মৃত্যু দ্বিগুণ বেড়েছে। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৪২ জন। এ নিয়ে বিভাগে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৯৮৪ জন। বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। আগের ২৪ ঘণ্টায়ও ৬ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭২ জন। রোববার খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানার পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
বর্তমানে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে বাসা ও হাসপাতালে ৩ হাজার ৪৫৮ জন চিকিৎসাধীন। এর মধ্যে ২৮৩ জন হাসপাতালে ভর্তি আছেন। অর্থাৎ ৮ শতাংশ রোগী হাসপাতালে আছেন। বাকি প্রায় ৯২ শতাংশ বাসায় চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১০১ জন সুস্থ হয়েছেন। বিভাগে করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হলেন ৩১ হাজার ৮৫৪ জন। সুস্থতার হার প্রায় ৮৯ শতাংশ।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাসংক্রান্ত দৈনিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, গত ১৫ দিনে (২৩ মে-৬ জুন) বিভাগে ৩ হাজার ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে ৫৮ জন মারা গেছেন। এর আগের ১৫ দিনে (৮ মে-২২ মে) বিভাগে ১ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে ২৯ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে খুলনা জেলায় রয়েছেন ৭৬ জন (নগরে ৫৩ জন)। এ ছাড়া বাগেরহাটে ৫৭ জন, যশোরে ৪৬, নড়াইলে ৬, মাগুরায় ১, মেহেরপুরে ১৩, চুয়াডাঙ্গায় ৪ জন, ঝিনাইদহে রয়েছেন ২৪ জন এবং কুষ্টিয়ায় ১৫ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, খুলনা বিভাগের জেলাভিত্তিক হিসাবে এ পর্যন্ত সর্বোচ্চ ১০ হাজার ৬৬৯ রোগী শনাক্ত হয়েছেন খুলনা জেলায়। এর মধ্যে খুলনা শহরেই শনাক্ত হয়েছেন ৮ হাজার ৬৮৪ জন। এ ছাড়া বাগেরহাটে ১ হাজার ৭৭৫ জন, চুয়াডাঙ্গায় ২ হাজার ৬২ জন, যশোরে ৭ হাজার ২৭০ জন, ঝিনাইদহে ২ হাজার ৯৭১ জন, কুষ্টিয়ায় ৫ হাজার ১৪৮ জন, মাগুরায় ১ হাজার ২৭৩ জন, মেহেরপুরে ১ হাজার ৬৪ জন, নড়াইলে ১ হাজার ৯০৪ জন এবং সাতক্ষীরায় ১ হাজার ৮৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় খুলনায় তিনজন এবং বাগেরহাটে, সাতক্ষীরা ও যশোরে একজন করোনা রোগী মারা গেছেন। বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির মধ্যে খুলনা জেলায় রয়েছেন ১৮২ জন (খুলনা শহরের ১৪৩ জন), কুষ্টিয়ায় ১১৯ জন, যশোরে ৮২ জন, চুয়াডাঙ্গায় ৬৪ জন, ঝিনাইদহে ৫৭ জন, সাতক্ষীরায় ৪৮ জন, বাগেরহাটে ৪৭ জন, নড়াইলে ২৭ জন, মাগুরায় ২৩ জন এবং মেহেরপুরে ২৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুর হার ১ দশমিক ৮৭ শতাংশ।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। গত বছরের ২৩ জুলাই এ সংখ্যা ১০ হাজার এবং ১২ আগস্ট ১৫ হাজার ছাড়ায়। চলতি বছর ১ জানুয়ারি ২৫ হাজার, গত ৩০ মে শনাক্ত ৩৪ হাজার এবং ৩ জুন শনাক্ত ৩৫ হাজার ছাড়ায়।










































