Home আঞ্চলিক মোংলায় কঠোর করোনা বিধি নিষেধ: পৌরসভা, বন্দর ও ইপিজেডের ভিন্ন ভিন্ন চিত্র

মোংলায় কঠোর করোনা বিধি নিষেধ: পৌরসভা, বন্দর ও ইপিজেডের ভিন্ন ভিন্ন চিত্র

11

০ মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

করোনা সংক্রমণের হার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় মোংলায় রবিবার থেকে শুরু হয়েছে কঠোর বিধি নিষেধ। স্থানীয় প্রশাসনের জারিকৃত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে আগামী ৬ জুন পর্যন্ত। কঠোর এ বিধি নিষেধের প্রথম দিন রবিবার সকাল থেকে পৌর শহরের চারপাশে এবং অভ্যন্তরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ৮টি নিরাপত্তা চৌকি বসিয়ে ব্যাপক তৎপরতা শুরু করে স্থানীয় প্রশাসন। পৌর শহরের চৌধুরীর মোড়, শাহাদাতের মোড়, কলেজ মোড়, কুমারখালী ও কাইনমারীসহ বিভিন্ন এলাকায় পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকেরা ইউনিয়ন থেকে আসা অপ্রয়োজনীয় কেউকে শহরপ প্রবেশ করতে দিচ্ছেনা। বিধি নিষেধের এ কয়দিনে উপজেলার ৬টি ইউনিয়নের লোকজনকে পৌর শহরে প্রবেশে মানা করা হয়েছে। শহরের মধ্যেও চলাচলও সীমিত করা হয়েছে। মুদি, কাঁচা, মাছ, মাংস ও ওষুধের প্রয়োজন ছাড়া কেউকে চলাচল করতে দেয়া হচ্ছেনা। পৌরসভার সকল দোকানপাট বন্ধ রাখা হয়েছে। সকাল ৬টা বিকেল ৩টা পর্যন্ত খোলা থাকছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র অর্থাৎ মুদি, কাঁচা, মাছ, মাংস ও ওষুধের দোকান। এই সময়ে হোটেল ও ঘোষ ডেয়ারী খোলা থাকবে শুধু পার্সেল বিক্রির জন্যে। বিধি নিষেধের প্রথম দিনে সকালে পৌর শহরের প্রধান বাজারে (মুদি, কাঁচা, মাছ, মাংসের) গিয়ে দেখা গেছে অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখে মাস্ক নেই। এদিকে মাস্ক বিহীন চলাচলকারী কয়েকজনকে জরিমানা করেছে মোবাইল কোর্ট। বিধি নিষেধ বাস্তবায়নে দিনভর পৌরসভার বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা গেছে উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার চৌধুরীকে।

উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার বলেন, বিধি নিষেধ বাস্তবায়নে সকলের সহযোগিতার প্রয়োজন। তবে বিধি নিষেধের প্রথম দিনে শহরের বেশির ভাগ মানুষকেই মাস্ক ব্যবহার করতে দেখা গেছে। কিছু লোক ব্যবহার না করায় তাদের নগদ জরিমানা করা হয়েছে। ভারতসহ দেশের বিভিন্ন নৌবন্দর থেকে আসা নৌযানের লোকজনকে মোংলা শহরে নামতে দেয়া হচ্ছেনা। তাদের প্রয়োজনীয় জিনিসপত্র পৌরসভার মেয়র আঃ রহমান নিজস্ব লোক দিয়ে পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নদী পারাপারের ক্ষেত্রে নৌকায় ১৬ জন করে এবং মাস্ক পরিহিত অবস্থায় পার করতে হবে।

 এদিকে দেশ-বিদেশ থেকে আসা নৌযানের লোকজন শহরে না নামলেও ওই সকল নৌযানে স্থানীয়রা গিয়ে তেলসহ বাজার দিয়ে আসছেন, তাতেও সংক্রমণের ঝুঁকি থাকছে বলে বলছেন স্থানীয়রা।

 এছাড়া মোংলা বন্দরে আগত বিদেশী জাহাজে চাকুরী ও ব্যবসার জন্য প্রতিনিয়ত শত শত লোকজন যাতায়াত করছেন। সেক্ষেত্রেও সংক্রমণের ঝুঁকি রয়েছে।

ইপিজেডে মোংলা এবং মোংলার আশপাশের বহু লোকজন যাতায়াত করছে। ইপিজেডেও বিদেশী নাগরিক রয়েছে।

তাই বন্দরের বিদেশী জাহাজ, অভ্যন্তরীণ নৌযান ও ইপিজেডের প্রতি বিশেষ নজর দারী প্রয়োজন বলে মনে করছেন সচেতন নাগরিকেরা।

বন্দরের বিদেশী জাহাজ, ইপিজেড ও দেশী-বিদেশী নৌযানের বিষয়ে তিনি বলেন, বন্দর ও ইপিজেড স্বতন্ত্র প্রতিষ্ঠান, তারপরও চিঠি দিয়ে বিধি নিষেধের বিষয়টি অবহিত করা হয়েছে। আর নৌযানগুলোর ক্ষেত্রে কোস্টারিকা গার্ডকে বলা হয়েছে। যাতে কেউ নিচে নামতে না পারে সেজন্য কোস্ট গার্ডের জোরদার টহল রয়েছে নদীতে।

এদিকে করোনা আক্রান্ত হয়ে রবিবার মোংলায় নূরউদ্দিন নামের একজনের মৃত্যু হয়েছে।  এর আগে গত সপ্তাহে আরো এক বৃদ্ধের মৃত্যু হয়।

শুরু হওয়া করোনা বিধি নিষেধের মধ্যেও মোংলা বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম মুসা বলেন, সর্তকতার সাথে বন্দরে জাহাজের পণ্য ওঠানামা, পরিবহণ ও অফিসিয়াল কাজ চলছে। দেশের অর্থনৈতিক উন্নতি ও সমৃদ্ধির জন্য করোনার মধ্যে ঝুঁকি নিয়ে বন্দরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা বন্দরের কাজ চালিয়ে যাচ্ছেন।  তবে সর্বোচ্চ সতর্কতার মধ্যদিয়েই বন্দরের কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান তিনি।