মায়ের সাথে দেখা করার ইচ্ছে নিয়ে স্বামীর বাইকে চড়ে বাবার বাড়িতে ফিরছিলেন রহিমা খাতুন (১৫)। কিন্তু সেই ইচ্ছে পূরণ হলো না তার। পথিমধ্যে মোড় ঘুরতে গিয়ে মোটরসাইকেলের পিছন থেকে পড়ে প্রাণ গেলো রহিমার।
শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রহিমার। এরআগে সকাল নয়টার দিকে দুর্ঘটনায় মাথায় গুরুত্বর আঘাত পান তিনি।
রহিমা খাতুন মণিরামপুরের বাহিরঘরিয়া গ্রামের রাশেদ আলীর স্ত্রী। অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী হলেও অসুস্থ পিতার ইচ্ছে পূরণে বিয়ের পিঁড়িতে বসতে হয়েছিল তাকে। মেয়ের বিয়ের একমাস পরে মারা যান পিতা আব্দুল খালেক। তিনি একই উপজেলার ভরতপুর গ্রামের বাসিন্দা ছিলেন। সকালে স্বামীর সঙ্গে পিতার বাড়িতে ভরতপুরে আসছিলেন রহিমা।
নিহতের জা ফাতেমা খাতুন জানান, সকালে মোটরসাইকেল থেকে পড়ে মাথায় গুরুত্বর আঘাত পান রহিমা। দ্রুত তাকে মণিরামপুর হাসপাতালে নেওয়া হয়। তখন চিকিৎসক তাকে যশোর সদর হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসা চলছিল রহিমার। পরে দুপুর ১২ টার দিকে মৃত্যু হয় তার।
মণিরামপুর থানার ডিউটি অফিসার এএসআই সোহেল রানা পারভেজ দুর্ঘনায় গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
– মণিরামপুর (যশোর) প্রতিনিধি











































