বিএনপির নেতাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ দেশের ৬ সিটি করপোরেশনের ধানের শীষের মেয়র প্রার্থীরা। তারা বলেছেন, নেতাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এরপর নেতারা বসে ঠিক করবেন কিভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা যেতে পারে।
বুধবার রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের সামনে চারটি ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তারা এসব কথা বলেন।
‘নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহার, ডিজিটাল কালো আইন বাতিলের দাবি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে’ এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, আমরা আর কত রকম বক্তৃতা দেব। আর কত নীরবে বসে থাকবো। অন্যায়কে সহ্য ও প্রশ্রয় দেব। এখন ধরার সময় এসেছে। প্রশ্ন করার সময় এসেছে। আমরা যদি নিজেরা না রুখে দাঁড়াই তাহলে এটা চলমান থাকবে। কেউ আমাদের অধিকার দেবে না। আমাদের ভোট কেউ নিশ্চিত করবে না।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের ভোটাধিকার যদি ফেরত পেতে হয়, দ্রব্যমূল্যের দাম কমাতে হয়, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হয় তাহলে শুধু সংগঠিত হলেই হবে না- আমাদেরকে সংগঠিত আওয়াজ গড়ে তুলতে হবে। সরকারকে বৃদ্ধা আঙুলি দেখাতে হবে যে, তাদের দিন শেষ হয়ে গেছে, আর আমাদের দিন শুরু হয়েছে।
বিএনপির সিনিয়র নেতাদের উদ্দেশ্য করে বরিশাল মহানগর সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী মো. মুজিবর রহমান সরোয়ার বলেন, ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। নেতৃবৃন্দদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা বসে ঠিক করবেন কিভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করা যেতে পারে।
খুলনা মহানগর সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, সমাবেশের আর অনুমতি চাইবো না। অনুমতি ছাড়াই কর্মসূচি করবো। আমাদের খুলনায় সমাবেশের অনুমতি দেয়নি। সব কিছু বন্ধ করে দিয়েছিল। শুধু মাত্র আকাশ পথ খোলা ছিল। এরপরও আমরা সমাবেশ করেছি। তাই আর অনুমতি নিয়ে কোনো কর্মসূচি নয়, অনুমতি ছাড়াই কর্মসূচি করবো আমরা।
রাজশাহী মহানগর সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, এই নির্বাচন কমিশনার বেহায়া ও নির্লজ্জ। এই নির্বাচন কমিশনারের অধিনে কোনো নির্বাচন হতে পারে না। তাই আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগের পচা রাজনীতি গ্রহণ করা যাবে না। এজন্য ছাত্র, শ্রমিক ও কৃষকের হাতে যা আছে তা নিয়ে ৬৯- এর মতো আরেকটি আন্দোলন করতে হবে।
বর্তমান সরকার ও নির্বাচন কমিশনকে চোর বলে আখ্যায়িত করে চট্টগ্রাম মহানগর সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেন, এই সরকারের অধিনে কোনো নির্বাচন হবে না, নির্বাচন হতে দেয়া যাবে না।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেন, আজকে তরুণ ও নতুন প্রজন্ম জেগে উঠেছে। আমরা আধিপত্যবাদী শক্তিকে মেনে নেব না। আমাদের আন্দোলন ও সংগ্রাম সফল করতে হবে। এই আন্দোলনে যদি প্রথম গুলি আসে আমি আগে বুক পেতে দেবো। তবুও পিছু হটবো না। নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবি আদায় করবই।
এর আগে দুপুর থেকে ঢাকা উত্তর বিএনপির বিভিন্ন থানা এবং ওয়ার্ডের প্রায় কয়েক হাজার নেতা কর্মীরা ব্যানার ও ফেস্টুন সহকারে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। এসময় তারা খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন স্লোগানে সমাবেশ প্রাঙ্গণ মুখরিত করে তুলেন।
অন্যদিকে ঢাকা উত্তর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে খিলগাঁও তালতলা মার্কেটসহ এর আশ-পাশের এলাকায় কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেন পুলিশ সদস্যরা। পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও মোতায়েন করা হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল সভাপতি এবং মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুন্সি বজলুল বাসিদ আঞ্জু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ এফ এম আব্দুল আলিম নকির সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশে বিএনপি নেতা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, বরকত উল্লাহ বুলু, আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ বক্তব্যে রাখেন।
– ঢাকা অফিস











































