অভ্যন্তরীণ চাহিদার পাশাপাশি খাদ্যশস্যের নিরাপত্তা মজুদের লক্ষ্যে সাড়ে ৩ লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র ভার্চুয়াল বৈঠকে এ-সংক্রান্ত খাদ্য মন্ত্রণালয়ের তিনটি পৃথক প্রস্তাব নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে এক ভার্চুয়াল ব্রিফিং-এ অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে জি-টু-জি-এর আওতায় সরাসরি ক্রয় পদ্ধতিতে সাড়ে ৩ লাখ মেট্রিক টন চাল আমদানির তিনটি পৃথক প্রস্তাব নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। খাদ্য অধিদপ্তর এসব চাল আমদানি করবে।
এর মধ্যে ভারতের ‘পাঞ্জাব স্টেট সিভিল সাপ্লাইজ কর্পোরেশন লিমিটেড’ থেকে দেড় লাখ টন নন-বাসমতি সিদ্ধ চাল; থাইল্যান্ডের ‘সাকোন্নাখন ন্যাশনাল ফারমার্স কাউন্সিল অব দ্য প্রাইম মিনিস্টার’ থেকে দেড় লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল ও ভিয়েতনামের ‘সাউদার্ন ফুড কর্পোরেশন’ থেকে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানি করা হবে। আমদানিতব্য চালের মূল্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, চালের দাম এখনো নির্ধারণ করা হয়নি। সংশ্লিষ্ট দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের মাধ্যমে নেগোশিয়েশন করে দাম নির্ধারণ করা হবে। এই প্রস্তাবগুলো আবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় উপস্থাপন করা হবে। তখন চালের দাম জানা যাবে। ইতিপূর্বে ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র এক বৈঠকে সরকারি পর্যায়ে খাদ্যশস্যের চাহিদা ও মজুত সংক্রান্ত খাদ্য বিভাগের এক প্রতিবেদনে অভ্যন্তরীণ চাহিদা পূরণ এবং নিরাপত্তা মজুদের লক্ষ্যে সাড়ে ১৪ লাখ মেট্রিক টন খাদ্যশস্য আমদানি করা প্রয়োজন বলে জানিয়েছিল খাদ্য মন্ত্রণালয়। এর মধ্যে চালের পরিমাণ ১১ লাখ ৬ হাজার ৮৫৮ মেট্রিক টন এবং গমের পরিমাণ হচ্ছে ৩ লাখ ৪২ হাজার ৬৭১ মেট্রিক টন। খাদ্য বিভাগের হিসাব মতে, গত ১ ফেব্রুয়ারি তারিখে সরকারি পর্যায়ে চালের মজুত ছিল ৫ লাখ ১৯ হাজার ৬১ মেট্রিক টন ও গমের মজুত ছিল ১ লাখ ৪৬ হাজার ৭৭২ মেট্রিক টন। সূত্রমতে, চলমান করোনা পরিস্থিতিতে গত বছর বন্যা, অতি বৃষ্টি ও ঘুর্ণিঝড় আম্ফানের কারণে খাদ্যশস্য উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি সরকার ঘোষিত ধান ও চালের মূল্য বাজার দরের তুলনায় কম হওয়ায় অভ্যন্তরীণ উৎস থেকে গত বোরো মৌসুমে সরকারি উদ্যোগে ধান ও চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। চলতি আমন মৌসুমেও এ লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে মনে করছে খাদ্য বিভাগ।
খাদ্য বিভাগের হিসাব মতে, গত বোরো মৌসুমের সংগ্রহ লক্ষ্যমাত্রার মাত্র ৫৪ দশমিক ৪৯ শতাংশ অর্জিত হয়েছে। এছাড়া চলতি আমন মৌসুমে ২ লাখ মেট্রিক টন ধান ও সাড়ে ৬ লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে গত ৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র ৭ হাজার ৫৬৭ মেট্রিক টন ধান ও ৫২ হাজার ২৭৬ মেট্রিক টন চাল সংগ্রহ করা সম্ভব হয়েছে। অভ্যন্তরীণ উৎস থেকে খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া এবং সরকারি সংরক্ষণাগারে পর্যাপ্ত মজুত না থাকার কারণে টিআর ও কাবিখা খাতের খাদ্যশস্য টাকায় রূপান্তর করা হয়েছে বলে জানা গেছে।
-খুলনাঞ্চল রিপোর্ট











































