Home জাতীয় আবারও বাড়ছে করোনা সংক্রমণ

আবারও বাড়ছে করোনা সংক্রমণ

9

‘১ মার্চে ৫৮৫ জন, ২ মার্চে ৫১৫ জন, ৩ মার্চে ৬১৪ জন, ৪ মার্চে ৬১৯ জন, ৫ মার্চে ৬৩৫ জন, ৬ মার্চে ৫৪০ জন, ৭ মার্চে ৬০৬ জন, ৮ মার্চে ৮৪৫জন, ৯মার্চ ৯১২’

দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা ছাড়াল ১০১৮ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৭ জনের। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৬৪ জন। এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ ৫৩ হাজার ১০৫ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৮ হাজার ৪৯৬ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬ হাজার ৬১৩ জন।

গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৫ দশমিক ৯৮ শতাংশ। টানা ৫০ দিন পর গতকাল শনাক্তের হার ৫ শতাংশ ছাড়িয়েছে। বুধবার শনাক্তের হার ছিল ৫ শতাংশের ওপরে। মে মাসের শেষ সপ্তাহ থেকে আগস্টের তৃতীয় সপ্তাহ পর্যন্ত রোগী শনাক্তের হার ২০ শতাংশের ওপরে ছিল। এরপর থেকে নতুন রোগীর পাশাপাশি শনাক্তের হারও কমতে শুরু করেছিল। মাস দুয়েক সংক্রমণ নিম্নমুখী থাকার পর গত নভেম্বরের শুরুর দিক থেকে নতুন রোগী ও শনাক্তের হারে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। ডিসেম্বর থেকে সংক্রমণ আবার কমতে শুরু করে। তবে তিন সপ্তাহ ধরে সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী।

গত ২৮ ফেব্রুয়ারিতে শনাক্ত হন ৩৮৫ জন। তারপর থেকেই প্রতিদিন রোগী বাড়ছে। ১ মার্চে ৫৮৫ জন, ২ মার্চে ৫১৫ জন, ৩ মার্চে ৬১৪ জন, ৪ মার্চে ৬১৯ জন, ৫ মার্চে ৬৩৫ জন, ৬ মার্চে ৫৪০ জন, ৭ মার্চে ৬০৬ জন, ৮ মার্চে ৮৪৫জন, ৯মার্চ ৯১২। গত ৬ মার্চ দেশে সংক্রমণের ৫২তম সপ্তাহ শেষ হয়। সেদিন স্বাস্থ্য অধিদপ্তর তাদের সাপ্তাহিক বিশ্লেষণে দেখা গেছে, তার আগের সপ্তাহে তুলনায় সে সপ্তাহে শনাক্ত রোগীর বেড়েছে ৩৮ দশমিক ৬৯ শতাংশ। হঠাৎ করেই সংক্রমণ বেড়ে যাওয়ায় কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য ও ভাইরোলজিস্ট অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, কেউ মাস্ক পরছে না। মানুষের সামাজিক অনুষ্ঠানে যাবার প্রবণতা বেড়েছে। টুরিস্ট স্পটগুলোতে হোটেল নাকি ফাঁকা নেই-এমন সংবাদও দেখছি গণমাধ্যমে। তাহলে কী করে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকবে? শীতের সময়ে সবাই করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করলেও অধ্যাপক নজরুল ইসলাম তার বিপরীত বলেছিলেন। তিনি বলেছিলেন, ‘শীতে আমাদের দেশে ইনফ্লুয়েঞ্জা-এ, প্যারা-ইনফ্লুয়েঞ্জা-থ্রি, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস (আরএসভি) ও রাইনোভাইরাস প্রবলভাবে থাকে। এগুলোর কারণেই শীতে সর্দি, কাশি, জ্বর ও নিউমোনিয়ার রোগী বেশি দেখা যায়। এসব ভাইরাস রেসপিরেটরি ভাইরাস। করোনাভাইরাসও একই। আর ভাইরাসের নিয়ম হচ্ছে, শরীরে যখন একটি ঢোকে, সেটা সহজে অন্য ভাইরাস ঢুকতে দেয় না। ঢুকলেও বের করে করে দেয়।’

গরম পরতে শুরু করেছে, এসব শীতের রেগুলার ভাইরাস চলে যাবে। তাই সংক্রমণ বাড়তে পারে মন্তব্য করে অধ্যাপক নজরুল ইসলাম বলেন, একটা নিচু ঢেউ গরমের দিনে আসতে পারে, কিন্তু অত বড় হবে না, শ্যালো একটা ওয়েভ আসবে। সংক্রমণ বাড়ছে কেন সেটা অনুমান করা যায়, তবে গবেষণা ছাড়া সেটা নিশ্চিত হওয়া যাবে না মন্তব্য করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান ( আইইডিসিআর) এর উপদেষ্টা ও মহামারি বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, আমরা অনুমান হচ্ছে গরম বাড়ছে, এখন ফ্যান বা এয়ার কন্ডিশন না হলে টেকা মুশকিল। কিন্তু একটা বদ্ধ জায়গায় যদি মাস্ক ছাড়া অনেক মানুষ থাকে তাহলে লক্ষণ-উপসর্গবিহীন একজন করোনা আক্রান্ত রোগীর থেকে বাতাসের মাধ্যমে অন্যরা সংক্রমিত হবেন।

ডা. মুশতাক হোসেন বলেন, প্রতিদিন শনাক্ত বাড়ছে। আগের দিনের চেয়ে পরের দিন আরও বেশি, এই লক্ষণ কিন্তু খারাপ হতে পারে। কাজেই এখনও যদি আমরা সর্তক হই, যেভাবে শীতকালে প্রধানমন্ত্রীর আশঙ্কার পর সবাই সর্তক ছিল সেভাবেই কাজ হওয়াতে নভেম্বরে বাড়তে গিয়ে বাড়েনি, নেমে গেছে। সেভাবেই যদি ব্যবস্থা না নেওয়া হয়, আত্মতৃপ্তিতে ভুগি, তাহলে আমাদের বিপদ হতে পারে। এদিকে যুক্তরাজ্যে পাওয়া করোনাভাইরাসের নতুন স্ট্রেইন ‘এন৫০১ওয়াই’ বাংলাদেশে পাওয়া গেছে। স্বাস্থ্য কর্মকর্তারা মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন বলেন, ‘আমরা জানুয়ারির প্রথম দিকে পাঁচ বা ছয় জনের নমুনায় যুক্তরাজ্যের নতুন ধরনের করোনাভাইরাস খুঁজে পেয়েছি।’ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, ‘এই ভাইরাস দেশে কতটা ছড়িয়েছে তার বিস্তারিত জানতে কন্টাক্ট ট্রেসিং চলছে।’ স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ৫ জানুয়ারি প্রথম এই ভাইরাস পাওয়া যায়। আক্রান্ত ব্যক্তি যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছিলেন। ঢাকা ও সিলেটে এই ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। যুক্তরাজ্য থেকে যারা দেশে ফিরছেন তাদের কোয়ারেন্টিনে রাখার বিষয়ে জোর দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। অন্যথায় এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পরবে বলে আশঙ্কা করেন তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বের ৮৩টি দেশে করোনার নতুন এই স্ট্রেইনের সংক্রমণ হয়েছে। বিজ্ঞানীদের মতে, যুক্তরাজ্যে পাওয়া করোনাভাইরাসের এই নতুন স্ট্রেইন আরও বেশি সংক্রামক।

আইইডিসিআরের উপদেষ্টা মোশতাক হোসেন বলেন, ‘এই নতুন স্ট্রেইনের কারণে শনাক্তের হার বাড়ছে কি না, তা এখনই বলা কঠিন হবে। এর জন্য জিনোম সিকোয়েন্সিং করতে হবে।’ তিনি বলেন, ‘ব্যয়বহুল হলেও ভাইরাসটির রূপ পরিবর্তন হচ্ছে কি না, তা জানতে সরকারের নিয়মিতভাবে জিনোম সিকোয়েন্সিং করা উচিত’।

যুক্তরাজ্যের নতুন স্ট্রেইন সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘মানুষ সামাজিক দূরত্ব ও মাস্ক পরার বিষয়ে উদাসীন বলেই সংক্রমণের হার বাড়ছে।’ তিনি আরও বলেন, ‘সব ধরনের স্ট্রেইনের জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা একই। আমাদের শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে, নিয়মিত হাত ধুতে হবে, মাস্ক পরতে হবে এবং ভিড় থেকে দূরে থাকতে হবে। আমরা যদি এই স্বাস্থ্য বিধিগুলো মেনে চলি তাহলে ভাইরাসকে পরাস্ত করতে পারব।’

ফেব্রুয়ারির শেষের দিকে নতুন স্ট্রেইন বিষয়ে যুক্তরাজ্য সরকার একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, নতুন এই স্ট্রেইন আগের স্ট্রেইনের চেয়ে ৭০ শতাংশ বেশি সংক্রামক হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী যুক্তরাষ্ট্রে অন্যান্য স্ট্রেইনের তুলনায় এই স্ট্রেইনটি ৩৫ থেকে ৪৫ শতাংশ বেশি তাড়াতাড়ি সংক্রমিত করছে। এদিকে করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা বেড়ে যাওয়ায় গত মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে আবারও সবাইকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য তিনটি নির্দেশনা দিয়েছেন তিনি। প্রথমত, যে যেখানেই থাকেন না কেন, করোনার টিকা নেন বা না নেন, সবাই যেন অবশ্যই মাস্ক পরেন। দ্বিতীয়ত, যথাসম্ভব সতর্কতা অবলম্বন করতে হবে এবং তৃতীয়ত, জনসমাগম যেখানে হচ্ছে, সেখানে যেন নির্ধারিতসংখ্যক মানুষ থাকে। কারও যেতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি যেন ঠিকমতো মানা হয়।দেশে বুধবার পর্যন্ত করোনা টিকা নিয়েছেন ৪১ লাখ ১৮ হাজার ৯৫৩ জন। এর মধ্যে পুরুষ টিকা নিয়েছেন ২৬ লাখ ২৬ হাজার ২৬৫ জন। আর নারী টিকা নিয়েছেন ১৪ লাখ ৯২ হাজার ৬৮৮জন।

-বিশেষ প্রতিনিধি