মতলেবুর রহমান মিতুল:
বরিশাল থেকে যশোর যাওয়ার পথে খুলনায় মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে দুই যুবক নিহত হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগরীর আড়ংঘাটা রেল স্টেশনের বাইপাস রোডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মিরাজ (২৮) ও ফাহাদ (২৪)। তারা বরিশালের উজিরপুর ও নারায়ণগঞ্জের কাঁচপুরের বাসিন্দা।
জানা যায়, বরিশাল থেকে তিনটি মোটরসাইকেলে ছয়জন যুবক বাইপাস সড়ক দিয়ে যশোরের দিকে যাচ্ছিল। আড়ংঘাটা বাইপাস সড়ক এর গ্যাস ফিল্ড হতে আনুমানিক ৩০০ গজ উত্তরে রেলওয়ে রাস্তা সংলগ্ন জায়গায় মালবাহী ট্রাক ও মোটরসাইকেলের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে (চালক ও আরোহী) এবং দুইজন আহত হয়। তিনটি মোটরসাইকেলযোগে তারা সকলেই বরিশাল হতে যশোর বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিল এবং তারা উজিরপুর, বরিশাল ও কাচপুর, নারায়নগঞ্জ এর বাসিন্দা।
আড়ংঘাটা থানার ওসি রেজাউল করিম খুলনাঞ্চলকে জানান, ঘটনাস্থলেই দুই যুবক মারা গেছেন। ঘাতক ট্রাক আটক করা হয়েছে, তবে চালক পালিয়েছে।











































