Home আঞ্চলিক দাকোপে একাধিক মামলার আসামি সাজাপ্রাপ্ত জালাল ঢাকায় গ্রেফতার

দাকোপে একাধিক মামলার আসামি সাজাপ্রাপ্ত জালাল ঢাকায় গ্রেফতার

10

দাকোপ প্রতিনিধি :

দাকোপের চিহ্নিত প্রতারক একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামী জালালকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীসহ জনমনে স্বস্তি ফিরেছে।

পুলিশ জানায়, নিজেকে কখনও শেখ পরিবারের আত্মীয়, কখনও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ঘনিষ্ঠজন এমন পরিচয় দিয়ে বিভিন্ন তদ্বির বাণিজ্যসহ নানা ভাবে অর্থ হাতিয়ে নেওয়াই জালালের পেশা। প্রশাসনসহ প্রয়োজনে ক্ষমতাধর শ্রেণি পেশার মানুষকে নিজ স্বার্থে ব্যবহারের প্রচেষ্টা থাকে এই আছাদুজ্জামান জালালের। তার কথামত কাজ না হলে হয়রানীমূলক মামলায় জড়িয়ে দিয়ে থাকে। জালাল কর্তৃক এমন অসংখ্য মামলার শিকার হয়েছেন দাকোপের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। পানখালী ইউনিয়নে জন্ম নেওয়া জালাল বেড়ে ওঠে খুলনা, ঢাকাসহ বিভিন্ন শহরে। বর্তমানে তার নামে বটিয়াঘাটা থানার একটি মামলায় ৩ বছরের সাজাসহ দাকোপে ৩টি, মোংলা, ফকিরহাটের একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা আছে। জালাল প্রভাবশালী মহলের নাম ভাঙিয়ে ঢাকায় আত্মগোপানে থেকে দাকোপে তার বাহিনী দিয়ে মানুষের জমি দখল, ঘের দখলসহ নানা অপকর্ম করে আসছিল বলে জানা যায়। যে কারনে খুলনা জেলা প্রশাসক মোঃ হেলাল হোসেন এবং জেলা পুলিশ সুপার মোঃ শফিউল্লাহ তাকে গ্রেফতারের উদ্যোগ নেন। তারই ধারাবাহিকতায় দাকোপ থানা পুলিশ তাকে গ্রেফতারের জন্য গত কয়েকদিন প্রচেষ্টা চালিয়ে আসছিল। সর্বশেষ গত বৃহস্পতিবার সন্ধ্যায় তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার হাতিরঝিল থানা এলাকা হতে দাকোপ থানার এস আই অখিল রায় তাকে গ্রেফতার করে। এ সময় হাতিরঝিল থানা পুলিশ গ্রেফতার অভিযানে সহায়তা দেয়। তাকে গ্রেফতার করায় দাকোপে জনমনে স্বস্থির নিঃশ্বাস, থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী।

পানখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের জালালকে চিহ্নিত প্রতারক আখ্যা দিয়ে তার উপযুক্ত শাস্তি কামনা করেছেন। অনুরূপ মন্তব্য করেছেন জালালের হয়রানীমূলক মামলার শিকার দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক শেখ মোজাফ্ফার হোসেন।

এ বিষয়ে দাকোপ থানার অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলী বলেন, খুলনা জেলা পুলিশ সুপারের নির্দেশে পলাতক আসামি জালালকে গ্রেফতারে আমরা গত কয়েকদিন কঠোর পরিশ্রম করে আসছি। সর্বশেষ বৃহস্পতিবার তাকে গ্রেফতারে সক্ষম হই। শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।