Home জাতীয় ভাইয়ের সঙ্গে সাক্ষাতের পর কর্মসূচি স্থগিত

ভাইয়ের সঙ্গে সাক্ষাতের পর কর্মসূচি স্থগিত

45

খুলনাঞ্চল রিপোর্ট

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সঙ্গে দেখা করেছেন তার ছোটভাই বসুরহাট পৌরসভার নবনির্বাচিত ও আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা। শনিবার বিকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন মির্জা কাদের। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত রাজনীতিক আব্দুল কাদের মির্জা বসুরহাট পৌরসভায় মেয়র নির্বাচিত হওয়ায় তার বড়ভাই ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে এই সৌজন্য সাক্ষাতে আসেন। পৌরসভা নির্বাচনে বিজয়ের পর নোয়াখালী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য একরামুল করীম চৌধুরী ওবায়দুল কাদেরকে নিয়ে সমালোচনা করায় তীব্র প্রতিবাদ জানিয়ে অনশন করেন কাদের মির্জা। ওবায়দুল কাদের ও মির্জা কাদেরের সাক্ষাৎ প্রসঙ্গে সেতুমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা ওয়ালিদ ফাইয়্যাজ জানান, নির্বাচন শেষে সৌজন্য সাক্ষাতের জন্য মূলত আবদুল কাদের মির্জা ঢাকায় আসেন।

সাক্ষাৎ শেষে বের হয়ে একরাম চৌধুরীর হাতে নোয়াখালীতে এ পর্যন্ত ২৪ জন নেতাকর্মী খুন হয়েছে বলে দাবি করেন নোয়াখালীর আবদুল কাদের মির্জা। তিনি বলেন, দলীয় হাইকমান্ড আমাকে বলেছেন, তুমি ঢাকার সংবাদ সম্মেলন বাতিল কর। তুমি কোম্পানীগঞ্জের হরতাল বন্ধ কর। আমি তাই হাইকমান্ডের প্রতি শ্রদ্ধা দেখিয়ে, তাদের নির্দেশ মান্য করে কোম্পানীগঞ্জে রোববারের হরতাল প্রত্যাহার এবং মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেসক্লাসের সংবাদ সম্মেলন বাতিল ঘোষণা করেছি।

কাদের মির্জা বলেন, হাইকমান্ড আমাদের দাবি মোতাবেক যদি নোয়াখালীতে অপরাজনীতি বন্ধ করার লক্ষ্যে একরামুল করিম চৌধুরীকে দলীয় পদ থেকে বহিষ্কার করে তার বাড়িতে ফেরত না পাঠায়, যদি জেলা আওয়ামী লীগের কমিটি পুনর্গঠিত করা না হয় এবং টেন্ডারবাজি ও নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেট ভেঙে জেলার সঠিক উন্নয়ন ধারা চালু করা না হয়Ñ তাহলে এক মাস পর থেকে আবার আন্দোলন শুরু করা হবে। আমার নাকে দম থাকা পর্যন্ত আমার জীবন থাকা পর্যন্ত এ আন্দোলন চলবে।

জেলার কবিরহাট উপজেলায় হরিলুট চলছে অভিযোগ করে বসুরহাট পৌর মেয়র বলেন, আমাদের নেতাকর্মীরা টিআর-কাবিখা কিছুই পায় না। তারা অসহায় এতিমের মতো দলকে ভালোবেসে দলের কাজ করে যাচ্ছে। তিনি বলেন, একরাম চৌধুরীর হাতে নোয়াখালীতে এ পর্যন্ত ২৪ জন নেতাকর্মী খুন হয়েছে। প্রশাসন তার কোনো কূলকিনারা করেনি। তিনি আরও বলেন, একরাম চৌধুরী বলে বেড়ান, তার ছেলেটি উচ্চশিক্ষিত অথচ ছেলেটির হাতে সে অস্ত্র তুলে দিয়েছে। তার ছেলেকে আমি বলব, তুমি অস্ত্র ছেড়ে রাজনীতিতে আস, আমি তোমাকে সহায়তা করব।

আবদুল কাদের মির্জা বলেন, কবিরহাট উপজেলা ওবায়দুল কাদেরের নির্বাচনি আসন, অথচ একরামুল করিম চৌধুরী এখানে মাতব্বরি করে। ওই উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আমার কাছে এসে কাঁদে, তারা একরামুল করিম চৌধুরী ও তার স্ত্রী উপজেলা চেয়ারম্যানের অত্যাচারে জর্জরিত। এখানে গতবারের মতো আসন্ন ইউনিয়ন নির্বাচনেও মেম্বার-চেয়ারম্যান প্রার্থীদের কাছে টাকা চায় একরামুল করিম চৌধুরী। এখানে মেম্বার-চেয়ারম্যান মনোনয়ন দেবেন ওবায়দুল কাদের ও দলীয় নেতারাÑ আপনি একরাম চৌধুরীকে?

চট্টগ্রামের ভোট সুষ্ঠু হয়নি দাবি করে তিনি বলেন, সেখানে ৩টি প্রাণ গেছে। তিনি জোর দিয়ে বলেন, চৌমোহনীতে কারচুপির প্রমাণ পেলে একরামের পোষ্য ডিসি-এসপি ও নির্বাচনি কর্মকর্তাকে ছেড়ে দেওয়া হবে না। জনগণ তাদের কাছ থেকে কড়ায়গণ্ডায় হিসাব নিয়ে ছাড়বে।