সাতক্ষীরা প্রতিনিধি::
সরকারের পাঠানো ৬০ হাজার ডোজ কোভিশিল্ড করোনা ভ্যাকসিন সাতক্ষীরায় এসে পৌঁছেছে। রবিবার সকাল ৯ টায় সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত এসমস্ত ভ্যাকসিন রিসিভ করেন। সমুদয় ভ্যাকসিন সাতক্ষীরা ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়েছে। এ বিষয়ে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত জানান, সরকারের নির্দেশনা সাপেক্ষে টিকাদান কার্যক্রম শীঘ্রই শুরু করা হবে। তবে আশা করছি আগামী ৭ থেকে ৯ ফেব্রুয়ারীর মধ্যে টিকাদান কার্য্যক্রম শুরু করতে পারবো। সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগের সাড়ে ৪ লাখ ডোজ টিকা রাখার সক্ষমতা রয়েছে বলে জানান এই কর্মকর্তা । সরকারি নির্দেশনা অনুযায়ী প্রথম ধাপের ৬০ হাজার ডোজ করোনা টিকা জেলায় সরকারি-বেসরকারি স্বাস্থ্যকর্মী, জেলা ও উপজেলা
প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, নির্বাচিত জন প্রতিনিধি, পুলিশ সদস্য, পয়ঃনিষ্কাশন কর্মীসহ বিভিন্ন পেশাজীবীদের দেয়া হবে। সিভিল সার্জন বলেন, আমরা এরইমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ছক অনুযায়ী
প্রয়োজনীয় তথ্য দিয়ে তালিকা তৈরি সম্পন্ন করেছি।এবং তা স্বাস্থ্য অধিদপ্তরে
পাঠানো হয়েছে। করোনার টিকা দেয়ার জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, সিভিল সার্জনের কার্যালয়সহ সাতটি উপজেলায় দুটি করে ও ৭৮টি ইউনিয়নে একটি করে মোট ১০৫টি টিম প্রস্তুত করা হয়েছে। প্রতিটি টিমে টিকাদানে অভিজ্ঞ ২জন স্বাস্থ্যকর্মী ও চার জন স্বেচ্ছাসেবক রয়েছে।
তিনি বলেন, এই টিকা জেলা শহর ও উপজেলা গুলোতে সরবরাহ করা হবে। টিকা সংরক্ষণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে। প্রথম ধাপে ৬০ হাজার ডোজ করোনা টিকা পাঠানো হয়েছে সাতক্ষীরায়। এসব টিকা ২ থেকে ৮
ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আইএলআর ফ্রিজে সংরক্ষণ করবে জেলা স্বাস্থ্য
বিভাগ।তিনি আরও বলেন, টিকা গ্রহণের পরে তাৎক্ষণিক কোনো সমস্যা হলে সমাধানের জন্য সাত সদস্য বিশিষ্ট অ্যাডভান্স ইভেন্টস ফলোয়িং ইমুউনাই- জেশন ম্যানেজমেন্ট (এইএফআই) টিম গঠন করা হয়েছে এবং কমিটির লোকদের
প্রশিক্ষণ দেয়া হচ্ছে।











































