Home জাতীয় ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশ কর্মকর্তার পাশে আইজিপি

ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশ কর্মকর্তার পাশে আইজিপি

1

ঢাকা অফিস।।

খুলনায় ছিনতাইকারীদের চাপাতির কোপে গুরুতর আহত পুলিশ পরিদর্শক মো. শাহ আলমকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার পর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওই পুলিশ কর্মকর্তাকে দেখতে যান তারা।

হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, অভিযান শেষে বাসায় ফেরার পথে তিন ছিনতাইকারী পুলিশ পরিদর্শক শাহ আলমের গতিরোধ করে। তারা তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং দুই হাতে চাপাতি দিয়ে কোপ দেয়।

এতে তার দুই হাতের ১২টি রগ কেটে যায়। আইজিপি বলেন, ঘটনার পর আহত পুলিশ কর্মকর্তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো এবং তিনি সুস্থতার দিকে এগোচ্ছেন।

পুলিশের ওপর হামলার বিষয়ে আইজিপি বলেন, পুলিশ সারা দেশে দায়িত্ব পালন করছে। কিন্তু মাঝেমধ্যে সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালাচ্ছে। দেশে আইনশৃঙ্খলা বজায় রাখতে নাগরিকদেরও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ বারবার বাধার মুখে পড়লে তাদের মনোবল দুর্বল হয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীও আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে এসেছিলেন। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, দায়িত্ব পালনকালে কোনো বিপথগামী ব্যক্তি বা সন্ত্রাসীর হামলায় পুলিশ সদস্য আক্রান্ত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ পরিদর্শকের ওপর হামলার ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে আইজিপি বলেন, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। জুলাই অভ্যুত্থানের পর থানা ঘেরাও এবং সড়কে পুলিশের ওপর হামলার মতো যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল, তা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তিনি বলেন, বিশ্বজুড়েই এ ধরনের ঘটনা ঘটে। সন্ত্রাসীদের মধ্যে মানবিক মূল্যবোধ থাকে না। সমাজকে নিরাপদ রাখতে পুলিশকে কার্যকরভাবে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে এবং সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সম্পর্কে আইজিপি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জেলা, বিভাগ ও উপজেলা পর্যায়ে পূজা উদযাপন কমিটির সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয় সভা হয়েছে। পূজামণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবকেরা পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করবেন। কোথাও কোনো অনিয়ম দেখা দিলে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।

গত ৯ অক্টোবর খুলনা মহানগরে বিশেষ অভিযান শেষে রিকশায় করে পুলিশ ক্লাবে ফেরার পথে কলেজিয়েট স্কুলের সামনে ছিনতাইকারীদের হামলার শিকার হন ৪৩ বছর বয়সী পুলিশ পরিদর্শক শাহ আলম। ছিনতাইকারীরা তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে ঢাকায় পাঠানো হয়। পরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।