Home Lead খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী রেজাউলকে দুদকের জিজ্ঞাসাবাদ

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী রেজাউলকে দুদকের জিজ্ঞাসাবাদ

9

স্টাফ রিপোর্টার।।

খুলনা ওয়াসার নির্বাহী প্রকৌশলী-১ রেজাউল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় তার রুমে ব্যাপক তল্লাশি ও বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে খুলনা ওয়াসা ভবনে এ তল্লাশি চালায় দুদক।

দুদক ও ওয়াসা সূত্রে জানা যায়, প্রকৌশলী রেজাউল ইসলামকে ওয়াসার পানি সরবরাহ প্রকল্প ফেজ-২ এর রুটিন দায়িত্বে প্রকল্প পরিচালক করা হয়। এসময় তিনি ব্যাপক দুর্নীতি-অনিয়মে জড়িয়ে পড়েন। ২০২৫ সালে অর্থনৈতিক অনৈতিক লেনদেনের মাধ্যমে তিনি প্রকল্প পরিচালক হন বলে অভিযোগ রয়েছে। প্রকল্প পরিচালক হতে তৎকালীন সময় একটি প্রভাবশালী মহলকে প্রায় ৯০ কোটি টাকার খালি চেক দেওয়ার অভিযোগ ওঠে রেজাউল ইসলামের বিরুদ্ধে। পরবর্তীসময়ে বিষয়টি জানাজানি হলে ও দুর্নীতি-অনিয়মের অভিযোগ উঠলে প্রকল্পের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়।

অন্যদিকে গত মাসের ২৭ তারিখ খুলনা ওয়াসার গ্রাহকদের জন্য ৫০০০টি গৃহ সংযোগ পাইপ ও ফিটিংস স্থাপন এবং বসানোর কাজের জমা দেওয়া চূড়ান্ত বিলের নথিতে একই সংযোগে দ্বিতীয়বার বিল জমা দেওয়া হয়েছে বলে রেজাউল ইসলামকে শোকজ করা হয়। এরকম একাধিক অভিযোগের ভিত্তিতে রেজাউল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধানে মাঠে নেমেছে দুদক।

দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাহিদ ফজল বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একই সঙ্গে প্রকল্প সংশ্লিষ্ট ও অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি তদন্তনাধীন।

তবে এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী রেজাউল ইসলাম বলেন, ‘আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক নয়। শোকজের জবাবও আমি দেব।’