Home জাতীয় মুখে কালো কাপড় বেঁধে ক্লাস নিলেন সামিনা লুৎফা : শিক্ষক হেনস্তার প্রতিবাদ

মুখে কালো কাপড় বেঁধে ক্লাস নিলেন সামিনা লুৎফা : শিক্ষক হেনস্তার প্রতিবাদ

4

খুলনাঞ্চল রিপোর্ট।।

শ্রেণিকক্ষে শিক্ষকের স্বাধীনতা রক্ষা এবং কথা বলার কারণে শিক্ষকদের হেনস্তার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে ক্লাস নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সামিনা লুৎফা।

রবিবার (১১ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঁচ মিনিট নীরব থেকে সামিনা লুৎফা এ প্রতিবাদ জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে শ্রেণিকক্ষের আচরণবিধি নিয়েও আলোচনা করেন তিনি।

নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সামিনা লুৎফা বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে সামিনা লুৎফা বলেন, শ্রেণিকক্ষে গিয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে আচরণবিধি বা ‘কোড অব কন্ডাক্ট’ নির্ধারণ করেছেন। অনুমতি ছাড়া কী করা যাবে, কী করা যাবে না এবং মতবিরোধ কীভাবে সমাধান করা হবে– এসব বিষয়েও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেছেন। এর পর শ্রেণিকক্ষে মুখে কালো কাপড় বেঁধে পাঁচ মিনিট নীরবে বসে থেকে প্রতিবাদ জানান তিনি।

শিক্ষকদের একাডেমিক স্বাধীনতা লঙ্ঘন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে হেনস্তা এবং তাদের বক্তব্য ও ভিন্নমত দমনের চেষ্টার নিন্দা জানান সামিনা লুৎফা। তিনি বলেন, অসৎ উদ্দেশ্যে বক্তব্য বিকৃত করা, ভুলভাবে সংবাদ পরিবেশন করা কিংবা অনুমতি ছাড়া রেকর্ড করার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর অধিকার শিক্ষকদের রয়েছে।

শিক্ষকদের একাডেমিক স্বাধীনতার ওপর আক্রমণের নিন্দা জানিয়ে সামিনা লুৎফা বলেন, কোনো ষড়যন্ত্রের ভয়ে তিনি নিজের অবস্থান থেকে সরে দাঁড়াবেন না। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লায়েকা বশীর ও তাসনীম সিরাজ মাহবুবের পাশে থাকার ঘোষণা দেন তিনি।

সামিনা লুৎফা বলেন, শ্রেণিকক্ষের কোনো আচরণ বা কথোপকথন নিয়ে সামাজিক মাধ্যমে মনগড়া অডিও রেকর্ডিংয়ের ভিত্তিতে বিচার বসানো গ্রহণযোগ্য নয়। শ্রেণিকক্ষের ভেতরে কিংবা একাডেমিক আলোচনার মাধ্যমে যে মতবিরোধের সমাধান সম্ভব, তা নিয়েও অনলাইনে বিতর্ক তৈরি করার বিরোধিতা করেন তিনি।