বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের চৌরিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও সরকারি মালামাল ব্যবহার করে দীর্ঘদিন ধরে পারিবারিক বসবাসের গুরুতর অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, শুধু কক্ষ দখলই নয়; শিক্ষার্থীদের বসার সরকারি বেঞ্চ, চেয়ার-টেবিল ও অন্যান্য আসবাবপত্র কাজে লাগিয়ে সেখানে শোবার ঘর, খাবার ঘর ও রান্নাঘর পর্যন্ত তৈরি করা হয়েছে। এমনকি শিক্ষার্থীদের নির্ধারিত ওয়াশরুমটিও ওই শিক্ষক দম্পতি ব্যবহার করছেন বলে অভিযোগ স্থানীয়দের।
অভিযুক্ত শিক্ষিকার নাম আফরোজা বুলবুল। তিনি ১৯৯৭ সালের ১০ মে সহকারী শিক্ষিকা হিসেবে চাকরিতে যোগ দেন এবং ২০১২ সালের শুরুর দিকে চৌরিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়ে মোংলায় বসবাস শুরু করেন। তাঁর বাবার বাড়ি পার্শ্ববর্তী পেড়িখালী ইউনিয়নের শিকিরডাঙ্গা গ্রামে এবং স্বামীর বাড়ি খুলনার নিরালা নাজিরঘাট এলাকায়; তাঁদের সংসারে তিন সন্তান রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের ভাষ্য অনুযায়ী, বিদ্যালয়ের তৎকালীন সভাপতি সম্পর্কে শিক্ষিকার জামাই হওয়ায় সেই প্রভাব কাজে লাগিয়ে ভবনের দুটি কক্ষ দখলে নিয়ে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি। সরকারি বেঞ্চ ও অন্যান্য আসবাবপত্র দিয়ে আলাদা করে থাকার, শোয়ার, খাওয়ার ও রান্নার ব্যবস্থা করায় শ্রেণিকক্ষের স্বাভাবিক পাঠদান ও শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে দাবি অভিভাবকদের। শিক্ষার্থীদের ওয়াশরুম ব্যবহারের কারণে কোমলমতি শিশুদের ভোগান্তিও বাড়ছে।
এলাকাবাসীর আরও দাবি, আগের সরকারের শেষ দিকে স্থানীয়রা তাঁকে স্কুল ভবন থেকে নামিয়ে দিলেও ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রভাব খাটিয়ে তিনি আবার কক্ষগুলো দখলে নেন এবং তখন মালামাল নামাতেও দেননি।
তবে অভিযুক্ত শিক্ষিকা আফরোজা বুলবুলের দাবি, বিদ্যালয় ভবনে তাঁর থাকার বিষয়টি প্রধান শিক্ষক আব্দুল রহিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাস ও ক্লাস্টার কর্মকর্তা ললোন কুমার মণ্ডলসহ সংশ্লিষ্ট সবাই জানেন। স্থানীয়দের অভিযোগ, নানা সমীকরণ ও প্রভাবের কারণে এতদিন বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিন্টু রঞ্জন দাস অবশ্য দাবি অস্বীকার করে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, ওয়াশরুম বা কোনো সরকারি সম্পদ ব্যক্তিগত বসবাস কিংবা পারিবারিক কাজে ব্যবহারের সুযোগ নেই। দীর্ঘদিন এমন কিছু ঘটে থাকলে তা গুরুতর অনিয়ম ও শৃঙ্খলাপরিপন্থী। বিষয়টি নজরে এসেছে; সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা মিললে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
একই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমী বলেন, সরকারি বিদ্যালয়ের কক্ষ, ওয়াশরুম বা কোনো সরকারি সম্পদ ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহার করা বেআইনি ও দুঃখজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে এবং তদন্তে সত্যতা পাওয়া গেলে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, মোংলা পৌরসভা ও উপজেলার সাতটি ইউনিয়নে ৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩৫০ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত থাকলেও বেশ কয়েকটি বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।











































