Home আলোচিত সংবাদ গোপালগঞ্জে বিদ্যুৎ অফিসে হামলা হলে সরবরাহ বন্ধের হুঁশিয়ারি

গোপালগঞ্জে বিদ্যুৎ অফিসে হামলা হলে সরবরাহ বন্ধের হুঁশিয়ারি

1


খুলনাঞ্চল রিপোর্ট।।

গোপালগঞ্জে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র কিংবা রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত যানবাহন ও জনবলের ওপর হামলা হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে ওজোপাডিকো গোপালগঞ্জের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলমত নির্বিশেষে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহের সম্মানিত সব শ্রেণির গ্রাহকের কাছে অনুরোধ, রাজনৈতিক কারণে বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত যানবাহন ও জনবলকে হামলার লক্ষ্যবস্তু করবেন না। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে জেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন গণমাধ্যমকে বলেন, গোপালগঞ্জে গত কয়েক দিন ধরে যে অস্থিরতা ও সহিংসতা চলছে, তাতে আমাদের বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র ও যানবাহনে হামলা হতে পারে। কারণ, আমরা ২৪ ঘণ্টা সেবা দিয়ে যাচ্ছি। আমাদের ওপর হামলা হলে আমরা কীভাবে সেবা দেব? এ কারণেই বলা হয়েছে, আমাদের বিদ্যুৎ স্থাপনা, উপকেন্দ্র ও যানবাহনে হামলা হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে।