ঢাকা অফিস।।
ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে জনসচেতনতা তৈরিতে দেশের মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে বিশেষ বার্তা প্রচারের উদ্যোগ নিয়েছে সরকার। আগামীকাল সোমবার (১২ অক্টোবর) থেকে দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরুর আগে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে পাঠানো এক চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। এতে ইসলামিক ফাউন্ডেশন এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সমন্বয়ে প্রচারণার ব্যবস্থা করতে বলা হয়েছে।
প্রচারণার বার্তায় বলা হয়েছে, সরকারের প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থ-সামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্যের ভিত্তিতে কোন পরিবারের সহায়তা বেশি প্রয়োজন, তা নির্ধারণ করা হবে।
এ জন্য পরিবারের প্রকৃত অবস্থা তুলে ধরে সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মসজিদে জুমার নামাজের আগে তিন মিনিটের ঘোষণায় ফ্যামিলি কার্ডের তথ্য দেওয়ার পাশাপাশি আর্থিক লেনদেন থেকে সতর্ক থাকার বার্তা থাকবে। কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে কেউ টাকা চাইলে তা বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে। তথ্য প্রদানের জন্য কোনো অর্থের প্রয়োজন নেই বলেও প্রচারণায় উল্লেখ করা হবে।
অন্যদিকে মন্দির, গির্জা ও বিহারে দুই মিনিটের ঘোষণায় প্রকৃত তথ্য দেওয়ার পাশাপাশি বয়স্ক ও প্রতিবন্ধী প্রতিবেশীদের খোঁজ নেওয়ার আহ্বান জানানো হবে, যাতে তথ্য সংগ্রহের সময় কেউ বাদ না পড়েন।
প্রচারণার বার্তায় কেউ অর্থ দাবি করলে ১০৯৮ নম্বরে জানানোর কথাও উল্লেখ রয়েছে। তবে নম্বরটি ফ্যামিলি কার্ড-সংক্রান্ত অভিযোগ গ্রহণে ব্যবহারের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত হওয়া প্রয়োজন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ১২ অক্টোবর থেকে দেশব্যাপী একযোগে থানা ও পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এ জন্য ‘ফ্যামিলি কার্ড থানা তথ্যভাণ্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।











































