Home স্বাস্থ্য গলায় কফ জমে অস্বস্তি? ঘরোয়া পানীয়তে সমাধান মিলবে যেভাবে

গলায় কফ জমে অস্বস্তি? ঘরোয়া পানীয়তে সমাধান মিলবে যেভাবে

5

মিলি রহমান।।

ঋতু পরিবর্তনের এই সময়ে অনেকেরই গলা খুসখুস, ঢোক গিলতে ব্যথা, নাক বন্ধ হয়ে যাওয়া বা গলায় কফ জমার মতো সমস্যা দেখা দিচ্ছে। কফের কারণে বারবার গলা পরিষ্কার করতে হচ্ছে, আবার অনেক সময় কফের জন্য স্বাভাবিকভাবে কথা বলা বা ঘুমানোও কঠিন হয়ে উঠে। এই পরিস্থিতিতে গরম চা বা পানীয়ের উপর ভরসা করেন অনেকেই। যারা গলায় কফের অস্বস্তি কমাতে চাইছেন তারা পেঁয়াজ দিয়ে একটি ঘরোয়া পানীয় তৈরি করতে পারেন।


উপকরণ
একটি পেঁয়াজ, এক টেবিল চামচ অলিভ অয়েল এবং দু’টেবিল চামচ মধু।

বানাবেন কীভাবে?
প্রথমে পেঁয়াজটি মোটা করে গোল চাকতির মতো কেটে নিন। এবার কয়েক মিনিট পানিতে ফুটিয়ে নিন। পিঁয়াজ সেদ্ধ হয়ে গেলে পানিটি ছেঁকে একটি পরিষ্কার শুকনো পাত্রে রাখুন। সেই পেঁয়াজের পানিতে এক টেবিল চামচ অলিভ অয়েল এবং দু’টেবিল চামচ মধু মিশিয়ে ভালো করে নেড়ে নিন। এরপর অল্প অল্প করে পান করুন।

পেঁয়াজে যা আছে
গলায় কফ জমলে তা পাতলা করে সহজে বের করে দেওয়াই স্বস্তি পাওয়ার অন্যতম উপায়। পেঁয়াজে থাকা সালফার-যুক্ত কিছু যৌগ এবং অ্যান্টি-অক্সিড্যান্ট কফকে পাতলা করতে সাহায্য করে। ফলে গলায় জমে থাকা মিউকাস শরীরের স্বাভাবিক প্রক্রিয়ায় সহজে বেরিয়ে আসতে পারে। পেঁয়াজে কুয়েরসেটিন নামের এক ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে প্রদাহ কমাতে সাহায্য করে। তাই গলা বা শ্বাসনালিতে জ্বালা ও অস্বস্তি থাকলে তা কিছুটা প্রশমিত হয়। পেঁয়াজে অ্যালিসিনসহ কিছু যৌগের জীবাণুর বিরুদ্ধে কার্যকারিতা নিয়েও গবেষণা হয়েছে। তবে গলায় কফ বা মিউকাস জমলেই তার কারণ ব্যাকটেরিয়া বা ভাইরাস, এমনটা ধরে নেওয়া ঠিক নয়। এ কারণে কোন ধরনের পানীয়কে কোনও সংক্রমণের চিকিৎসা হিসেবে দেখা উচিত নয়।

অলিভ অয়েলের গুণ
অলিভ অয়েল গলার খুসখুসে বা জ্বালাভাব কিছুটা কমাতে সাহায্য করে। অলিভ অয়েলে থাকা ওলিওক্যানথাল নামের যৌগের প্রদাহ উপশমের ক্ষমতা রয়েছে। তবে এই উপকার কতটা মিলবে, তা তেলের ধরন ও গুণমানের উপর নির্ভর করে।

মধুর কার্যকারিতা
পেঁয়াজের ঝাঁঝালো স্বাদ সামলানোর পাশাপাশি মধুও গলার অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে। গলার জ্বালা বা খুসখুসে ভাব প্রশমিত করতে পারে মধু। সূত্র: সংবাদ প্রতিদিন