Home আঞ্চলিক তিন দিনের ব্যবধানে কেসিসির দুই চালকের মৃত্যু

তিন দিনের ব্যবধানে কেসিসির দুই চালকের মৃত্যু

3


স্টাফ রিপোর্টার।।

তিন দিনের ব্যবধানে খুলনা সিটি করপোরেশনের দুজন চালক দুর্ঘটনায় মারা গেছেন। নিহত দুজন হলেন চালক কামরুল ইসলাম (৪০) এবং আব্দুস সালাম (৪৮)।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে নগরীর খালাশি মোড়ে দুটি ট্রাকের সংঘর্ষে গুরুতর আহত হন কামরুল ইসলাম। পরদিন সকাল ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কামরুল ইসলাম নগরীর শিববাড়ি মোড় এলাকার বাসিন্দা ইয়াকুব আলীর ছেলে।


এর আগে গত ৮ অক্টোবর কেসিসির গ্যারেজে ময়লার কনটেইনারবাহী গাড়ির চাপায় আব্দুস সালাম (৪৮) নামে আরেক চালক নিহত হন। তিনি লবণচরা থানাধীন খামার এলাকার বাসিন্দা।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হেলাল উদ্দিন জানান, শনিবার দুপুর ১২টার দিকে কেসিসির ময়লার কনটেইনারবাহী একটি ট্রাক নিয়ে খালাশি মোড় থেকে জিরো পয়েন্টের দিকে যাচ্ছিলেন কামরুল ইসলাম। পথে তিনি গাড়িটির নিয়ন্ত্রণ হারালে সেটি অপর একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে কামরুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কেসিসির যান্ত্রিক শাখার উপসহকারী প্রকৌশলী মো. সেলিমুল আজাদ কামরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এদিকে অল্প সময়ের ব্যবধানে দুজন চালকের মৃত্যুতে সহকর্মীরা শোক প্রকাশ করেছেন।