Home জাতীয় আয়াসসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা, রিমান্ড চাইবে পুলিশ

আয়াসসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা, রিমান্ড চাইবে পুলিশ

5

ঢাকা অফিস।।


শনিবার সকালে রাজধানীতে শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি মাখান এক নারী, এ এন এম আয়াস ও তার সহযোগীরা

রাজধানীর সেগুনবাগিচায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি মাখানোর অভিযোগে পুলিশ ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্য সচিব এ এন এম আয়াসসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেছে। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে। ওই চারজনকে রিমান্ডে নেওয়ার আবেদন করবে পুলিশ।

রবিবার (১১ অক্টোবর) দুপুরে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান রাইজিংবিডি ডটকমকে জানিয়েছেন, ওই চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডে এনে বিস্তারিত জানার চেষ্টা করা হবে।


এর আগে শনিবার (১০ অক্টোবর) দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, শনিবার বেলা সোয়া ১১টার দিকে শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি মাখান এক নারী, এ এন এম আয়াস ও তার সহযোগীরা। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদেরকে বাধা দেয় এবং আয়াস ও এক নারীসহ ৪ জনকে আটক করে। প্রথমে তাদেরকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

শাহবাগ থানার ওসি (অপারেশন) খোকন মিয়া জানিয়েছেন, পরে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে।

গত ৫ অক্টোবর সেগুনবাগিচা এলাকার ফুটপাতটি দখলমুক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এরপর পথচারীদের জন্য উন্মুক্ত করা সেই ফুটপাত-সংলগ্ন দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প-সংস্কৃতিতে অবদান রাখা ১০ গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।