স্টাফ রিপোর্টার।।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য ও পোস্ট করাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সজল (২৪) নামে স্থানীয় এক যুবককে আটক করে হরিণটানা থানা হেফাজতে নিয়েছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের সামনের গেট ও সংলগ্ন হল রোড এলাকায় এই সংঘর্ষ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে সজল নামে এক তরুণ ফেসবুকে পোস্ট করেন। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটের দিকে ১০-১২ জন শিক্ষার্থী তাকে বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের গেটের সামনে ডেকে এনে মারধর করে। এ সময় স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে সজলকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের সঙ্গে তাদের হাতাহাতি ও ধস্তাধস্তির সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয়রা সংগঠিত হয়ে হল রোডে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে এবং স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আরও লোকজনকে জড়ো করতে থাকে। পাল্টাপাল্টি হিসেবে খানজাহান আলী গেটে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিপুল সংখ্যায় অবস্থান নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে একপর্যায়ে শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে স্থানীয়দের এলাকা থেকে ছত্রভঙ্গ করে দেয়।
ঘটনার খবর পেয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক (ডিএসডাব্লিউ) অধ্যাপক ড. সালাউদ্দিন, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী কমিশনার (এসি) হুমায়ূন কবির এবং হরিণটানা থানা পুলিশের একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দুই পক্ষের সঙ্গে দফায় দফায় কথা বলে রাত আনুমানিক পৌনে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণটানা থানা পুলিশ জানায়, উত্তেজনার মূল কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টকারী সজলকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হল গেট ও সংলগ্ন হল রোড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং সার্বিক পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে।










































