ঢাকা অফিস।।
ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী যাতে তাদের সঞ্চয়ী হিসাবের জমানো টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বারবার আবেদন করেও ব্যাংক থেকে জমা টাকা তুলতে না পারায় ভুক্তভোগী গ্রাহকদের করা এক রিট পিটিশনের শুনানি নিয়ে আদালত এ অন্তর্বর্তীকালীন আদেশ দেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ‘লাকী আক্তার ও অন্যান্য বনাম বাংলাদেশ ও অন্যান্য’ শিরোনামের রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মারুফ উল আবেদ।
আদেশের পাশাপাশি আদালত একটি রুলও জারি করেছেন। আবেদনকারীদের হিসাবে বৈধভাবে থাকা টাকা তুলতে দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। এতে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও এর সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ন্যাশনাল ব্যাংক পিএলসিকে বিবাদী করা হয়েছে।
অন্তর্বর্তীকালীন নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সংশ্লিষ্ট মহাব্যবস্থাপক, টেকনোলজি রিস্ক অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং সুপারভিশন ডিপার্টমেন্ট এবং কাস্টমার ইন্টারেস্ট প্রোটেকশন সেন্টারের (সিআইপিসি) পরিচালকদের মাধ্যমে আবেদনকারীদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় নিয়ন্ত্রক পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ন্যাশনাল ব্যাংক যাতে আমানতকারীদের টাকা তুলতে দেয়, তা নিশ্চিত করার দায়িত্বও তাদের দেওয়া হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, চার আবেদনকারীই ন্যাশনাল ব্যাংকের সঞ্চয়ী হিসাবধারী। তাদের মধ্যে লাকী আক্তার, নাসিমা বেগম ও মোছা. সাথী বেগমের হিসাব টাঙ্গাইলের মির্জাপুর শাখা ও মির্জাপুর এসএমই কৃষি শাখায়। আর মো. শামীম আহমেদের হিসাব ময়মনসিংহের ভালুকা শাখায়।
গত ১৭ সেপ্টেম্বর গ্রাহকেরা চেক ভাঙাতে গেলে শাখা কর্মকর্তারা কোনো বৈধ বা লিখিত কারণ না দেখিয়ে টাকা পরিশোধে অস্বীকৃতি জানান।











































