Home জাতীয় দুই কোটি টাকা ঘুষ দাবি, বিপিডিবির সেই নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

দুই কোটি টাকা ঘুষ দাবি, বিপিডিবির সেই নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

4

খুলনাঞ্চল রিপোর্ট।।

লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনের ‘ঘুষ’ গ্রহণ ও কথোপকথনের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায়। এতে করে জেলাজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠে। এ ঘটনায় নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় পিডিবির তদন্ত ও শৃংখলা পরিদপ্তর শাখার উপ-পরিচালক=-১ এর মো. কাউসার আহমেদ অপু স্বাক্ষরিত এক আদশে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, লক্ষ্মীপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী নুরলি আমিনের ঘুষ লেন-দেনের একটি ভিডিও গনমাধ্যমে ছড়িয়ে পড়ে। সরকারী চাকুরি বিধি অনুযায়ী পিডিবির নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনকে চাকুরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

দপ্তরাদেশে বলা হয়েছে, ‘যেহেতু, জনাব মো. নুরুল আমিন, নির্বাহী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগ, বিউবো, লক্ষ্মীপুর-এর বিরুদ্ধে আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও গণমাধ্যমে প্রচারিত হওয়ায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (কর্মচারী) চাকরি বিধিমালা ১৯৮২-এর ১৪১ (১) নং বিধির অধীনে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’

এতে আরও বলা হয়, ‘উক্ত বিধিমালার ১৪১ (১) নং বিধি অনুসারে জনাব মো. নুরুল আমিন…কে বিউবোর চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।’

গত রোববার (২৭ সেপ্টেম্বর) রাত থেকে ঘুষ লেনদেনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর মধ্যে ভিডিওর কিছু অংশে পিডিবির নির্বাহী প্রকৌশলী নুরুল আমিনকে বলতে শোনা যায়, ‘এসি স্যার রাজি হয়ে গেছে, কোনো একটা কারণে, আমি দুই কোটি টাকা থেকে নড়বো না।’ ভিডিও ফুটেজে ঠিকাদারদের বিল পরিশোধ এবং বিভিন্ন প্রকল্পে মালামাল সরবরাহসংক্রান্ত কথোপকথনও রয়েছে।

ভিডিওতে কয়েকজন ব্যক্তির কাছ থেকে নগদ টাকা গ্রহণ করতে দেখা গেছে। ভিডিওতে তিনি ওইসব ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, এখানে কত? ওই ব্যক্তি বলেন, এখানে ৩৫ স্যার। নির্বাহী প্রকৌশলী বলেন, ‘এক লাখ ৩৫। ওই ব্যক্তি বলেন, আগে দিয়েছি এক লাখ স্যার। তবে ভিডিওটি ঠিক কতদিন আগের, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল হওয়ার পর নড়চড়ে বসেছে কর্তৃপক্ষ।