Home আলোচিত সংবাদ ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২০৩৬

4


ঢাকা অফিস।।

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগের তিনজন। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে মারা গেছেন।

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বরের প্রথম ২৮ দিনেই মারা গেছেন ১৩৬ জন। এর আগে আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। এ ছাড়া মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ৭৩০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৭০ হাজার ২৫৮ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৬৪ জন।