Home আঞ্চলিক সনদ-এনআইডি জালিয়াতি: ফ্যামিলি কার্ড শুমারির দুই প্রার্থীর নিয়োগ বাতিল

সনদ-এনআইডি জালিয়াতি: ফ্যামিলি কার্ড শুমারির দুই প্রার্থীর নিয়োগ বাতিল

0


কয়রা (খুলনা) প্রতিনিধি।।

খুলনার কয়রায় ফ্যামিলি কার্ড শুমারির তথ্যসংগ্রহকারী পদে প্রাথমিকভাবে নির্বাচিত দুই প্রার্থীর নিয়োগ বাতিল করা হয়েছে। যাচাই-বাছাইয়ে তাদের শিক্ষাগত সনদ ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যে ত্রুটি পাওয়ার পর সংশ্লিষ্ট নিয়োগ বোর্ড এ সিদ্ধান্ত নেয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় ও সংশ্লিষ্ট নিয়োগ বোর্ডের নথি অনুযায়ী, ফ্যামিলি কার্ড শুমারির তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল গত ১৭ সেপ্টেম্বর প্রকাশ করা হয়। এতে বিভিন্ন ইউনিয়নের প্রার্থীদের পাশাপাশি মহেশ্বরীপুর ইউনিয়নের শাহনাজ ও মহারাজপুর ইউনিয়নের নিগার সুলতানা প্রাথমিকভাবে নির্বাচিত হন।

এর আগে প্রাথমিক যাচাই-বাছাইয়ের সময় বয়স বেশি হওয়ায় তাদের আবেদন ত্রুটিপূর্ণ হিসেবে বাতিল করা হয়েছিল। পরে তারা আপিল করলে তাঁদর আবেদন পুনরায় গ্রহণ করা হয়। এরপর তারা তথ্যসংগ্রহকারী পদে প্রাথমিকভাবে নির্বাচিত হন।

মহেশ্বরীপুর ইউনিয়নের শাহনাজ আবেদনপত্রের সঙ্গে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এইচএসসি সনদ জমা দেন। পরবর্তী সময়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ফলাফল যাচাইয়ের ওয়েবসাইটে সনদটি যাচাই করা হয়। যাচাইয়ে সনদে ত্রুটি পাওয়া যায় বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, মহারাজপুর ইউনিয়নের মাসুদুর রহমানের স্ত্রী নিগার সুলতানার এনআইডির তথ্য যাচাই করে দেখা যায়, আবেদন করার শেষ সময় অনুযায়ী তার বয়স ৪০ বছর ২ মাস ২১ দিন। ফ্যামিলি কার্ড শুমারির নির্দেশিকার ৫.২ ধারায় নির্ধারিত বয়সসীমার সঙ্গে এটি অসঙ্গতিপূর্ণ হওয়ায় তার নিয়োগ বাতিল করা হয়।


উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগ বোর্ডের সদস্যসচিব মো. আবুল কালাম আজাদ বলেন, ‘সংবাদ প্রকাশের পর বিষয়গুলো নিয়ে যাচাই-বাছাই করা হয়। যাচাইয়ে সনদ ও জাতীয় পরিচয়পত্রের তথ্যে ত্রুটি পাওয়া যায়। তারা ডকুমেন্ট জালিয়াতির মাধ্যমে নিয়োগ নেওয়ার চেষ্টা করেছিলেন। বিষয়টি ধরা পড়ার পর বিধি অনুযায়ী তাদের নিয়োগ বাতিল করা হয়েছে।’