চুয়াডাঙ্গা প্রতিনিধি
ইজিবাইক চালকদের সঙ্গে বিরোধের জেরে চুয়াডাঙ্গায় পাঁচটি আন্তজেলা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকেরা। সোমবার সকাল থেকে হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মেহেরপুর, ঝিনাইদহ ও কুষ্টিয়াসহ গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে যোগাযোগ ব্যাহত হচ্ছে। পূর্বঘোষণা ছাড়া বাস বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।
পরিবহন মালিক ও শ্রমিকদের অভিযোগ, চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে ইজিবাইক চালকেরা বাসের চালক ও সহকারীদের সঙ্গে অসৌজন্যমূলক ও মারমুখী আচরণ করেছেন। এমনকি বাস ভাঙচুরের হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় শ্রমিকদের নিরাপত্তা ও ঘটনার সুষ্ঠু সমাধানের দাবিতে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার সকাল থেকে বাস না চলায় বাস টার্মিনাল ও কাউন্টারগুলোতে অনেক যাত্রীকে অপেক্ষা করতে দেখা যায়। জরুরি কাজে বের হওয়া মানুষ ও চাকরিজীবীরাও পড়েছেন ভোগান্তিতে। অনেকে বাধ্য হয়ে ব্যাটারিচালিত রিকশা বা সিএনজিতে করে বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।
চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি হাজী আবুল কালাম আজাদ বললেন, ইজিবাইক চালকেরা বাসের চালক ও সহকারীদের সঙ্গে অত্যন্ত খারাপ ও মারমুখী আচরণ করেছেন। তারা গাড়ি ভাঙচুরের হুমকিও দিয়েছেন। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া এবং ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
হাজী আবুল কালাম আজাদ স্পষ্ট করলেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সমাধান না হওয়া পর্যন্ত বাস ধর্মঘট অব্যাহত থাকবে।











































