শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের জহুরুল পহলান নামে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি কোরাল মাছ।
আজ সোমবার সকালে সুন্দরবনের ভোলা নদীতে জাল ফেলার পর প্রথম টানেই উঠে আসে মাছটি।
পরে সকাল ১০টার দিকে শরণখোলা বাজারের মৎস্য আড়ৎদার শাহাদাত মুন্সী ৩৬ হাজার টাকায় কিনে নেন মাছটি। যার প্রতি কেজির দাম পড়েছে ১ হাজার ৮০০ টাকা করে।
তিন মাসের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর গত এক মাসের মধ্যে সুন্দরবনের জেলেদের জালে ধরা পড়া এটিই সবচেয়ে বড় মাছ বলে জানিয়েছে বন বিভাগ ও মৎস্য ব্যবসায়ীরা।
শরণখোলা গ্রামের বাসিন্দা জহুরুল জানান, বন বিভাগের শরণখোলা স্টেশন থেকে পাস নিয়ে ভোলা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন তিনি। নদীতে জাল ফেলার কিছু সময় পরই জালের ভাসনা ও রশিতে অস্বাভাবিক টান লক্ষ্য করেন। এ সময় দ্রুত জাল টানার পর বিশাল কোরাল মাছটি উঠে আসে।
জেলে জহুরুল জানিয়েছেন, মাছটি পাওয়ার সঙ্গে সঙ্গেই নৌকা চালিয়ে ঘাটে ফিরে আসেন তিনি। পরে নিলামের মাধ্যমে কোরালটি বিক্রি করেন তিনি। মাছ বিক্রির টাকা হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
ক্রেতা শাহাদাত মুন্সী বললেন, ‘গত এক মাসে সুন্দরবন থেকে কোরাল বা অন্যান্য যত মাছ এসেছে, তার মধ্যে এটিই সবচেয়ে বড় মাছ। বড় সাইজের কোরাল সবসময় পাওয়া যায় না। বড় মাছের চাহিদা বেশি থাকায় দামও বেশি। কেজিতে দু-তিনশ টাকা লাভে বিক্রি করতে পারব বলে আশা করছি।’
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, জেলের জালে ২০ কেজি ওজনের কোরাল মাছ ধরা পড়ার বিষয়টি শুনেছি। সুন্দরবনে প্রায়ই শোনা যায় বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পড়ার খবর। তিন মাসের নিষেধাজ্ঞা থাকায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পেয়েছে। আবার এসব মাছ ধরা পড়ছে জেলেদের জাল ও বড়সিতে। এতে লাভবান হচ্ছেন জেলে ও মহাজনরা।











































