Home আঞ্চলিক বাগেরহাটে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

বাগেরহাটে ১৭ সদস্যের জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

3

স্টাফ রিপোর্টার
উপকূলীয় এলাকার জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কণ্ঠস্বর, চাহিদা ও অগ্রাধিকার স্থানীয় নীতি, পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তুলে ধরার লক্ষ্যে বাগেরহাটে ১৭ সদস্যবিশিষ্ট জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম, বাগেরহাট গঠন করা হয়েছে।
রবিবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স-এর সহযোগিতায় বাগেরহাটের উদায়ন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। সভা সঞ্চালনা করেন লিডার্স-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর শারমিন আরা লিনা।
সভায় অ্যাডভোকেট মোসা. মেহেরুন্নেছাকে সভাপতি, প্রভাষক মো. কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের বাগেরহাট জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক ইসরাত জাহান, সহ-সম্পাদক মো. নাইম হোসেন, কোষাধ্যক্ষ হয়েছেন সামিয়া আহসানী। এছাড়া উপদেষ্টা হিসেবে রয়েছেন গোপীনাথ সাহা, মো. আসাদ শেখ ও তামান্না আক্তার।
বাগেরহাট জেলার ৯টি উপজেলার প্রতিনিধিদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে কমিটিতে তরুণ ও অগ্রজদের সমন্বয় ঘটানো হয়েছে, যাতে অভিজ্ঞতা ও তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা যায়।
নবগঠিত জেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম জন-সংগঠনের পক্ষে জননীতি প্রণয়ন, সংস্কার, সমন্বয় ও বাস্তবায়নে স্থানীয় ও জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব ও নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে কাজ করবে। পাশাপাশি জন-মানুষের অধিকার সুরক্ষা, সরকারি সেবা নিশ্চিতকরণ এবং সরকারি নীতি বাস্তবায়নে কার্যকর অধিপরামর্শ ও প্রেসার গ্রুপ হিসেবে ভূমিকা রাখবে।