স্টাফ রিপোর্টার
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে জলবায়ু কার্যক্রমে কার্যকর নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে খুলনায় দুই দিনব্যাপী নেতৃত্ব ও সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি অভিজাত হোটেল মিলনায়তনে শনি ও রবিবার (২৬ ও ২৭ সেপ্টেম্বর ) এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড এগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি (লিডার্স)-এর উদ্যোগে প্রশিক্ষণে বটিয়াঘাটা, আশাশুনি, শ্যামনগর, দাকোপ, কয়রা এবং মোংলা উপজেলার ক্লাইমেট অ্যাকশন ফোরামের ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের সমাপনীতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উপসচিব) আবু সায়েদ মোঃ মনজুর আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লিডার্সের প্রোগ্রাম ডিরেক্টর এবিএম জাকারিয়া, প্রজেক্ট কো-অর্ডিনেটর, মুহাম্মদ মঞ্জুরুল হক, প্রজেক্ট অফিসার ইভানা আফরিন, এইচআর এন্ড এডমিন ম্যানেজার দ্বিজেশ চন্দ্র রায়, এবং প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব কুন্ডু প্রমুখ।
আয়োজকরা জানান, প্রশিক্ষণের প্রথম দিনে জলবায়ু পরিবর্তনের কারণ, উপকূলীয় অঞ্চলে এর খাতভিত্তিক প্রভাব এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় এবং দ্বিতীয় দিনে স্থানীয় পর্যায়ে নেটওয়ার্কিং ও অ্যাডভোকেসি উদ্যোগ গ্রহণের কৌশল, অ্যাডভোকেসির বিভিন্ন পদ্ধতি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা এবং কার্যক্রমের তথ্য সংরক্ষণ ও ডকুমেন্টেশন বিষয়ে আলোচনা করা হয়।











































