Home আঞ্চলিক খুলনায় বিএনপি নেতার বাসভবনে গুলিবর্ষণ ও হামলা, শফিকুল আলম তুহিনের তীব্র নিন্দা...

খুলনায় বিএনপি নেতার বাসভবনে গুলিবর্ষণ ও হামলা, শফিকুল আলম তুহিনের তীব্র নিন্দা ও উদ্বেগ

46


স্টাফ রিপোর্টার।।
খুলনা নগরীর ২৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলমের বাসভবনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গুলিবর্ষণ ও হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মো. শফিকুল আলম তুহিন।
ঘটনার খবর পেয়ে বিএনপি নেতা শফিকুল আলম তুহিন সরাসরি ওয়ার্ড বিএনপি নেতা মঞ্জুরুল আলমের বাসভবনে ছুটে যান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবার, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলে ঘটনার ভয়াবহতার খোঁজখবর নেন এবং তাঁদের ধৈর্য ধরার আহ্বান জানান।
এ সময় শফিকুল আলম তুহিন বলেন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী গোষ্ঠী এলাকাকে পুনরায় অস্থিতিশীল করতেই এ ধরনের কাপুরুষোচিত হামলা ও গুলিবর্ষণ চালিয়েছে। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান—অবিলম্বে এই হামলায় জড়িত দুষ্কৃতকারীদের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত শনাক্ত করতে হবে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে গ্রেপ্তার নিশ্চিত করতে হবে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, রাতে দুর্বৃত্তরা অনধিকার প্রবেশ করে উসকানিমূলক ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে হামলা ও গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এসময় মহানগর বিএনপির সাংগছনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সদর থানার সভাপতি কেএম হুমায়ুন কবীরনহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।