ঢাকা অফিস।।
ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক সেনাসদস্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন বিমানবন্দর আনসার ফোর্সের সদস্য শাহাবুল।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) আনসার সদর দপ্তরের এক বার্তায় জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্টেশন সংলগ্ন প্রস্তাবিত এসআরবি হেডকোয়ার্টার্সের সামনে এ ঘটনা ঘটে।
আহত সেনাসদস্যের মাথায় গুরুতর আঘাত এবং ডান পা ভেঙে ঝুলে ছিল। শাহাবুল তার কাছে গিয়ে পরিচয় জানতে চাইলে তিনি জানান, গাজীপুর থেকে প্রশিক্ষণ শেষে এসআরবি হেডকোয়ার্টার্সে কর্মস্থলে যোগ দিতে আসার পথে ট্রেন দুর্ঘটনার শিকার হন।
পরিস্থিতি দেখে শাহাবুল দ্রুত তার ব্যাগ ও মুঠোফোন নিজের হেফাজতে নেন। স্থানীয়দের সহায়তায় আহত সেনাসদস্যকে প্রথমে এসআরবি গেটে নেওয়া হয়।
পরে দায়িত্বরতদের তৎপরতায় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। এসআরবি সদস্যদের অনুরোধে শাহাবুলও অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে যান এবং আহত সেনাসদস্যের প্রাথমিক চিকিৎসা ও ভর্তির প্রক্রিয়ায় সহযোগিতা করেন।
রাতে হাসপাতালে সেনাসদস্যের পরিবার পৌঁছালে শাহাবুল তাকে ও তার মালামাল অক্ষত অবস্থায় পরিবারের কাছে বুঝিয়ে দিয়ে কর্মস্থলে ফিরে যান।
আনসার শাহাবুলের দায়িত্বশীল ও মানবিক ভূমিকার জন্য পরিবারের সদস্যরা তার প্রতি কৃতজ্ঞতা জানান।










































