স্পোর্টস ডেস্ক ।।
বদলেছে ভেন্যু। বদলেছে প্রতিযোগিতার নাম। বদলায়নি বাংলাদেশ-ভারত লড়াইয়ের সেই আয়োজন। মেয়েদের এশিয়া কাপের পর এবার এশিয়ান গেমস ক্রিকেটেও মুখোমুখি হচ্ছে দু্ই প্রতিবেশী। নাগোয়ার করোগি স্পোর্টস পার্কে এশিয়াডের নারী ক্রিকেটের সেমিফাইনালে ভারতকে হারিয়ে স্বপ্নের ফাইনালে পা রাখতে চান নিগার সুলতানা জ্যোতিরা। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বেলা ১১টায়। দুবাইয়ে এশিয়ান কাপ টি২০তে হারের যন্ত্রণা এবার ‘শিল্পের নগরী’খ্যাত নাগোয়া ভোলার মিশন বাংলাদেশের।
যে কোনো ইভেন্টেই বাংলাদেশ-ভারত দ্বৈরথ মানে অন্য রকম উন্মাদনা। আর ক্রিকেটের লড়াইয়ে তো দুই দলের মধ্যে থাকে জয়ের তাড়না। এ মাসেই এশিয়ান কাপের সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরেছিল লাল-সবুজের দলটি। সেই ম্যাচে বাংলাদেশের ফিল্ডিংও ছিল বাজে। শেফালি ভার্মাকে তিনবার জীবন দিয়েছিলেন বাংলাদেশের ফিল্ডাররা।
তাই আজ (২০ সেপ্টেম্বর) একাদশে পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন কোচ সারোয়ার ইমরান, ‘এশিয়া কাপে ফিল্ডিং এবং রানিং বিটুইন দ্য উইকেটে ভালো করিনি আমরা। সেই দুর্বলতা কাটানোর চেষ্টা করছি। এখনকার আউট ফিল্ড স্লো। সবকিছু মিলিয়ে আমরা প্রস্তুত আছি। আর একাদশে পরিবর্তনের সম্ভাবনা আছে।’
এশিয়ান কাপের সেমিফাইনালে সেদিন টসের সময় ভারত অধিনায়ক হারমানপ্রীতের সঙ্গে হাত না মেলানোয় সমালোচনা হয়েছিল বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির। সেই বিতর্ক নিয়েই আজ রোববার আবার দেখা হবে দুই দলের। টি২০ অধিনায়ক হিসেবে ভারতের বিপক্ষে শেষবার টস করতে নামবেন নিগার। বিতর্ক ভুলে এবার হয়তো ভারত অধিনায়কের সঙ্গে সৌহার্দের হাত মেলাবেন। বৃষ্টির কারণে সেমিফাইনাল ম্যাচটি না হলে, র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা ভারত উন্নীত হবে ফাইনালে। বাংলাদেশকে খেলতে হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ।
এশিয়ান গেমসের মঞ্চটাতেও ফাইনালে ওঠার লড়াই হওয়ায় বাংলার মেয়েদের জন্য বদলা নেওয়ার সুযোগ। একই সঙ্গে পদক নিশ্চিতের লড়াইও। কিন্তু পরিসংখ্যান আর সাম্প্রতিক পারফরম্যান্সে আশা দেখাচ্ছে না বাংলাদেশকে। টি২০তে দুই দলের ২৪ বারের সাক্ষাতে বাংলাদেশের জয়ের সংখ্যাটা তিন, আর ভারতের একুশ। আন্তর্জাতিক টি২০ র্যাঙ্কিংয়েও বাংলাদেশের (১০) চেয়ে এগিয়ে ভারত (৩)। ২০ ওভারের ম্যাচে টানা ৯টিতে ভারতের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ।
সর্বশেষ জয়টি এসেছিল ২০২৩ সালের ১৩ জুলাই। কিন্তু পরিসংখ্যান শুধুই সংখ্যা বাংলাদেশের মেয়েদের কাছে। সব হিসাব চুকে দিয়ে আইচি নাগোয়াতে স্বপ্নের ফানুস ওড়াতে চায় সারোয়ার ইমরানের দল। এই ম্যাচটি জিতলে যে ক্রিকেটে স্বর্ণ জয়ের সম্ভাবনা উজ্জ্বল হবে– এমন সুযোগটা তাই হেলায় হারাতে চায় না মেয়েরা। আবার হারলেও যে পদকের আশা শেষ হবে, তা নয়। সে ক্ষেত্রে তৃতীয় হওয়ার লড়াইয়ে অংশ নিতে হবে বাংলার মেয়েদের।
সর্বশেষ হ্যাংঝু এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। ২০২৩ সালে অনুষ্ঠিত আসরে অবশ্য ব্রোঞ্জ পদক জিতেছিল তারা। এশিয়া কাপ এবং এশিয়ান গেমসে হারের বদলা নেওয়ার উপলক্ষটা রাঙাতে হলে জ্বলে উঠতে হবে ব্যাটারদের। এশিয়া কাপে ব্যাটিংয়ে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি মেয়েরা। ব্যাটিং ব্যর্থতায় সমশক্তির শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছিল। ব্যাটিং দুর্বলতা কাটিয়ে ওঠার সুযোগটা অবশ্য পায়নি বাংলাদেশ দল। কোয়ার্টার ফাইনালে চীনের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে হয়নি। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ উঠে যায় সেমিফাইনালে। আর ভারত শেষ আটে জাপানকে গুঁড়িয়ে দিয়ে সেমিতে ওঠে।
বাংলাদেশের অবশ্য ম্যাচ অনুশীলন করার কথা ছিল শনিবার (১৯ সেপ্টেম্বর)। বৃষ্টিতে খেলতে না পারায় বাংলাদেশের বিপক্ষে গতকাল ফ্রেন্ডলি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেছিল চীন। কিন্তু এদিন সকালে বাংলাদেশ দল খেলার জন্য মাঠে গেলেও চীন দল আসেনি। চীনের এমন কাণ্ডে হতবাক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তার। ম্যাচ খেলতে না পারায় বাংলাদেশের মেয়েরা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলন করে। ক্রিকেটের উত্তাপ আর উন্মাদনা যেটাই বলুন না কেন বাংলাদেশ-ভারত মেয়েদের লড়াই দেখতে করোগির গ্যালারিও পরিপূর্ণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।











































