স্পোর্টস ডেস্ক ।।
এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালে আজ ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮১ রানে অলআউট হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
১১৪ রানের এই হারের পরও ব্যাটিং বিপর্যয়কে পুরোপুরি অস্বাভাবিক মনে করছেন না বাংলাদেশ অধিনায়ক। ম্যাচ শেষে জ্যোতি বলেন, ‘যখন এত রানের তাড়া থাকে, তখন এ রকম ব্যাটিং বিপর্যয় হয়, এটা স্বাভাবিক বিষয়।
কিন্তু আমার কাছে মনে হয়, আরেকটু ভালো বোলিং করলে হয়তো আরও কিছু কম রান হতো। ভারতের সঙ্গে আমাদের পার্থক্য অনেক বেশি।
তবে আমাদের আরও ভালো খেলা উচিত ছিল।’
ভারতের ইনিংসেও বড় রান আসার পেছনে বাংলাদেশের বোলিংকে দায়ী করেছেন জ্যোতি। তবে ১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ব্যাটারদের ব্যর্থতাই শেষ পর্যন্ত ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন তিনি।
এক প্রশ্নের জবাবে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘যেখানে এত অল্প রানে একটা টিম কলাপস করে, সেখানে আসলে আমরা ব্যাটাররা কোনো দায়িত্বই নিতে পারিনি।’











































