Home খেলাধুলা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে পর্তুগাল-ওয়েলসের গ্রুপে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে পর্তুগাল-ওয়েলসের গ্রুপে বাংলাদেশ

2

স্পোর্টস ডেস্ক ।।

আজারবাইজানে অনুষ্ঠেয় ‘ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬’-এ কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের ‘জি’ গ্রুপে লাল-সবুজের কিশোরদের লড়তে হবে শক্তিশালী পর্তুগাল ও ওয়েলসের বিপক্ষে।

বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ফুটবলারদের নিয়ে আয়োজিত এই মেগা ইভেন্টে এবার মোট ১৯১টি দেশ ৩২টি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। ‘জি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ওয়েলস, পর্তুগাল, ইন্দোনেশিয়া, বুরুন্ডি ও ফিজি।

মাত্র তিন দিনে গ্রুপ পর্বে মোট পাঁচটি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২৪ অক্টোবর সকাল ৯টায় ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

পরদিন ২৫ অক্টোবর বাংলাদেশের সামনে আরও দুটি ম্যাচ। দুপুর ২টা ৩০ মিনিটে শক্তিশালী পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে তারা।

একই দিন রাত ৮টা ৪৫ মিনিটে প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। এরপর ২৬ অক্টোবরও দুটি ম্যাচ খেলবে বাংলাদেশের কিশোররা। দুপুর ২টা ৩০ মিনিটে বুরুন্ডির বিপক্ষে এবং রাত ৮টা ৪৫ মিনিটে ফিজির বিপক্ষে লড়বে তারা।

দেশের বয়সভিত্তিক ফুটবলের উন্নয়নে কাজ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আন্তর্জাতিক পর্যায়ে শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ তরুণ ফুটবলারদের মূল্যবান অভিজ্ঞতা অর্জনে সহায়তা করবে বলে মনে করছে সংস্থাটি। পাশাপাশি নিজেদের দক্ষতা ও সামর্থ্য আরও উন্নত করার সুযোগও পাবেন তারা।

ভবিষ্যতের তারকা ফুটবলার তৈরির লক্ষ্যে সামনের দিনগুলোতে এ ধরনের আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণকে গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে বাফুফের।

পর্তুগাল ও ওয়েলসের মতো ইউরোপের শক্তিশালী দলগুলোর বিপক্ষে বাংলাদেশের কিশোররা কেমন পারফর্ম করে, এখন সেটিই দেখার অপেক্ষা দেশের ফুটবলপ্রেমীদের।