ফুলতলা (খুলনা) প্রতিনিধি:
খুলনার ফুলতলা উপজেলার ৩ নম্বর জামিরা ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আতাউর রহমানের বিরুদ্ধে সরকারি খাস জমি দখল ও দোকান ঘর ভাঙচুরের মিথ্যা অভিযোগ এনে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৫টায় জামিরা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে স্থানীয় ইউনিয়ন ও থানা বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে এস এম আতাউর রহমান বলেন, পিপরাইল বিশ্বাসপাড়ার বি এম রফিকুল ইসলাম গত ৯ সেপ্টেম্বর দিনগত রাতে জামিরার পুরাতন ইউনিয়ন পরিষদের পাশে জমি দখল ও দোকান ঘর ভাঙচুরের দাবি তুলে ফুলতলা থানায় ১২ জনের নামে একটি ভিত্তিহীন লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে সেই মিথ্যা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও কয়েকটি স্থানীয় পত্রিকায় প্রকাশ করে একটি নির্দিষ্ট মহলের ইন্ধনে চরম অপপ্রচার চালানো হচ্ছে, যার কোনো সুনির্দিষ্ট ভিত্তি নেই।
বিএনপি নেতা আতাউর রহমান স্পষ্ট করে বলেন, বি এম রফিকুল ইসলাম যে জায়গাটি নিজের বলে দাবি করছেন, তা মূলত সরকারি খাস জমি; এটি কোনো ব্যক্তি মালিকানাধীন রেকর্ডীয় সম্পত্তি নয়। রফিকুল ইসলাম থানায় অভিযোগের এজাহারে যে দাগ নম্বর উল্লেখ করেছেন, সেখানে তার সুনির্দিষ্ট কোনো জমি নেই; যদিও এর পাশেই তার নিজস্ব জায়গা রয়েছে। তিনি সরকারি সম্পদ রক্ষা ও এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং ঘটনার প্রকৃত সত্য উন্মোচনে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র বিএনপি নেতা ওসমান গনি সরদার, নজরুল ইসলাম মোল্লা, আফসার শেখ, হুমায়ুন কবির মোল্লা, আলমগীর হোসেন সরদার, হালিম শেখ, মাসুদ সরদার, জাহিদ খাঁন, আহাদ আলী শেখ, সাফারুল ইসলাম, আমিনুল ইসলাম দীপু, তরাফ গাজী, নিজাম মোল্লা, মুস্তাক শেখসহ জামিরা ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।









































