স্টাফ রিপোর্টার।।
বিভাগীয় শহর খুলনার সৌন্দর্য্যবর্ধন, যানজট নিরসন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার সুবিধার্থে বাস টার্মিনালটি মূল শহরের বাইরে নিয়ে যাওয়া এখন সময়ের দাবি বলে জানিয়েছেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা।
আজ রোববার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় কেডিএ কনফারেন্স রুমে আন্তঃজেলা বাস টার্মিনালের সার্বিক উন্নয়ন সম্পর্কে সংশ্লিষ্ট সকল সমিতির প্রতিনিধিদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
কেডিএ চেয়ারম্যান বলেন, “কেডিএ এককভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না। আমরা বিশ্বাস করি, যেকোনো টেকসই উন্নয়নের জন্য অংশীজন বা স্টেকহোল্ডারদের মতামত সবচেয়ে জরুরি।” তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সোনাডাঙ্গা বাস টার্মিনালকে একটি আন্তর্জাতিক মানের ও আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত টার্মিনালে রূপান্তর করতে কেডিএ বেশ কিছু পরিকল্পনা হাতে নিচ্ছে। এ পরিকল্পনা বাস্তবায়ন হলে নিরাপত্তা কর্মী নিয়োগ, সিসি ক্যামেরা স্থাপন, পরিচ্ছন্ন কর্মী, বিশুদ্ধ খাবার পানি, ওয়াশ রুমসহ প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধা এক ছাদের তলায় নিশ্চিত করা হবে।
সোনাডাঙ্গা বাস টার্মিনালের বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ ও স্থায়ী সমাধানের লক্ষ্যে কেডিএ’র সদস্য মো. ইকবাল হোসেনকে প্রধান করে একটি উপকমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে সুনির্দিষ্ট সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মতবিনিময়কালে কেডিএ চেয়ারম্যান আরও জানান, টার্মিনালের ভেতরে পরিস্কার-পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসন এবং যান চলাচলের রাস্তাগুলো টেকসইভাবে সংস্কার করা হবে। সাধারণ যাত্রীদের বসার জায়গা, আধুনিক ও পরিচ্ছন্ন শৌচাগার এবং বিশুদ্ধ খাবার পানির পাশাপাশি বিশেষ করে নারী ও শিশুদের জন্য বিশেষ জোন বা বসার ব্যবস্থা করা হবে। পুরো টার্মিনালকে সিসিটিভি ক্যামেরার আওতায় এনে নিরাপত্তা জোরদার করা হবে এবং ভেতরের সকল অবৈধ দখলদারিত্ব উচ্ছেদ করা হবে। এছাড়া ভবিষ্যতে ই-টিকিটিং ও ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে বাস ছাড়ার সময়সূচী প্রদর্শনের পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল খুলনা মহানগরীতে পরিবেশবান্ধব ইলেক্ট্রিক বাস চালুর পরিকল্পনা হাতে নিচ্ছেন। সোনাডাঙ্গা বাসটার্মিনালে যাত্রীদের সহজ ও নিরাপদ ভ্রমনে কেডিএ’র পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় কেডিএ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কেডিএ সদস্য (এস্টেট) মো. ইকবাল হোসেন, প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম, পরিচালক (এস্টেট) ড. জাকিয়া সুলতানা, পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর আহমেদ এবং নির্বাহী প্রকৌশলী মোরতোজা আল মামুন।
এছাড়া বাস মালিক সমিতি, পরিবহন শ্রমিক ও দোকান মালিক সমিতির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মো. রবিউল করিম, মো. আনোয়ার ইসলাম, এসএম মুর্শিদুর রহমান লিটন, জাকিরুল ইসলাম, মো. গোলাম আক্কাছ স্বাধীন, মো. সাইফুল মল্লিক, মো. আব্বাস, মো. শওকত মোল্লা, মো. ইয়াছিন মোল্লা, মো. শাহাবুদ্দিন বাবু, মো. বাবুল হোসেন, মো. আবুল কালাম আজাদ বাবু, মো. মোজাম্মেল হোসেন, রিয়াজুল কবির ও কাজী সহিদুল প্রমুখ।











































