Home আঞ্চলিক অযত্নে সৌন্দর্য হারাচ্ছে আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারঅযত্নে সৌন্দর্য হারাচ্ছে আকাশলীনা ইকো ট্যুরিজম...

অযত্নে সৌন্দর্য হারাচ্ছে আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারঅযত্নে সৌন্দর্য হারাচ্ছে আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার

8


শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ-কলবাড়ি সড়কের চুনা নদীর পাড়ে দাঁড়ালে প্রথমেই চোখে পড়ে সবুজের বিস্তীর্ণ সমারোহ। নদীর ওপারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুন্দরবন, আর এপারে সুন্দরবনের আদলে গড়ে ওঠা আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার। একসময় যেখানে প্রকৃতিপ্রেমী, ভ্রমণপিপাসু আর পরিবার নিয়ে বেড়াতে আসা মানুষের পদচারণায় মুখর থাকত পুরো এলাকা, সেখানে এখন নীরবতা যেন আরও বেশি চোখে পড়ে। ভাঙাচোরা অবকাঠামো, অযত্ন আর দীর্ঘদিনের সংস্কারহীনতায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম সম্ভাবনাময় এই পর্যটন কেন্দ্রটি হারাতে বসেছে তার আকর্ষণ।
২০১৬ সালে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে সুন্দরবনের কোলঘেঁষা এই পর্যটন কেন্দ্রটি নির্মাণ করা হয়। ‘সাতক্ষীরার আকর্ষণ, সড়ক পথে সুন্দরবন’-এই স্লোগানকে সামনে রেখে খুব অল্প সময়েই এটি দেশ-বিদেশের পর্যটকদের অন্যতম গন্তব্যে পরিণত হয়। এক পাশে জনবসতি, অন্য পাশে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের অপার সৌন্দর্য-এই অনন্য অবস্থানই আকাশলীনাকে দিয়েছিল আলাদা পরিচিতি।
কিন্তু বর্তমানে সেখানে গেলে ভিন্ন এক চিত্র চোখে পড়ে। কাঠের তৈরি ফুট ট্রেলের অনেক অংশ ভেঙে পড়ে অকেজো হয়ে আছে। কোথাও কাঠ খুলে গেছে, কোথাও পচে নষ্ট হয়েছে। ঢালাই করা পথগুলোও নিরাপত্তা বেষ্টনী ছাড়া পড়ে আছে। ফলে শিশু, নারী ও বয়স্ক দর্শনার্থীদের প্রতিটি পদক্ষেপেই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, দর্শনার্থীদের সামুদ্রিক মাছ সম্পর্কে ধারণা দিতে নির্মিত ফিস মিউজিয়ামটিও দীর্ঘদিন ধরে বন্ধ। শুধু তাই নয়, সেখানে যাওয়ার পথও অনেকটা অচল হয়ে পড়েছে। ফলে পর্যটনের অন্যতম আকর্ষণ হিসেবেই গড়ে তোলা এই স্থাপনাটি এখন কার্যত অকার্যকর।
দর্শনার্থী আলতাফ হোসেন জানান, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারের বিকল্প হয় না। কিন্তু এর ভঙ্গুর অবস্থা দর্শনার্থীদের দুর্ভোগের কারণ হয়ে দাড়িয়েছে। দর্শনার্থী ফয়সাল হোসেন জানান, আমরা যশোর থেকে আকাশনীলায় এসেছি। কিন্তু দুঃখের বিষয় এখানে যে ফিস মিউজিয়ামটি আছে, তা বন্ধ। সেখানে যাওয়ার পথও নেই।
দর্শনার্থী ফয়সাল হোসেন জানান, আমরা যশোর থেকে আকাশনীলায় এসেছি। কিন্তু দুঃখের বিষয় এখানে যে ফিস মিউজিয়ামটি আছে, তা বন্ধ। সেখানে যাওয়ার পথও নেই। দর্শনার্থী রাজু আহমেদ জানান, ফুট ট্রেলের দুই পাশে নিরাপত্তা বেড়া না থাকায সবার জন্যই একটু ঝুঁকিপূর্ণ। ট্রেল থেকে পড়ে দুর্ঘটনার শঙ্কা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, পর্যটন কেন্দ্রটির যথাযথ রক্ষণাবেক্ষণ না থাকায় দিন দিন কমে যাচ্ছে দর্শনার্থীর সংখ্যা। এতে যেমন পর্যটনের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরাও। তাদের দাবি, দ্রুত সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হলে আকাশলীনা আবারও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আকাশলীনার দায়িত্বে থাকা শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিরাজ হোসেন বললেন, আকাশলীনার সংস্কার কাজ চলমান রয়েছে। টানা বৃষ্টির কারণে কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে। পর্যায়ক্রমে সব অবকাঠামো সংস্কার করা হবে। দর্শনার্থীরা যেন নিরাপদে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন, সে ব্যবস্থা নিশ্চিত করা হবে।